২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সাতক্ষীরা ও কুড়িগ্রামে চারজনের যাবজ্জীবন, গোপালগঞ্জে একজনের ১৮ বছর কারাদণ্ড

ধর্ষণ ও ধর্ষণের পর হত্যার দায়ে বৃহস্পতিবার কুড়িগ্রাম ও সাতক্ষীরায় চার জনের যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে আদালত। এছাড়া গোপালগঞ্জে জালিয়াতির দায়ে একজনকে ১৯ বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 10 Jan 2008, 04:23 PM

Updated : 26 Aug 2022, 01:10 PM

ঢাকা, জানুয়ারি ১০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - ধর্ষণ ও ধর্ষণের পর হত্যার দায়ে বৃহস্পতিবার কুড়িগ্রাম ও সাতক্ষীরায় চার জনের যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে আদালত। এছাড়া গোপালগঞ্জে জালিয়াতির দায়ে একজনকে ১৯ বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে। আমাদের প্রতিনিধিদের পাঠানো খবর - সাতক্ষীরা: অপহরণের পর ধর্ষণ করে হত্যার অভিযোগে তিনজনকে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড ও ষাট হাজার টাকা জরিমানা অনাদায়ে প্রত্যেককে আরও আড়াই বছর করে সশ্রম কারাদণ্ড দিয়েছে আদালত। সাক্ষ্য গ্রহণ ও মামলার নথিপত্র পর্যালোচনা করে সাতক্ষীরার নারী ও শিশু নির্যাতন, দমন ট্রাইবুন্যালের বিচারক মোতাজিদুর রহমান এ রায় দেন। দণ্ডাদেশপ্রাপ্ত আসামিরা হলেন, কালিগঞ্জ উপজেলার পারুল গাছা গ্রামের শহিদুজ্জামান পলাশ ও তার ভাই মহিউদ্দীন ময়না এবং একই উপজেলার বেলেডাঙ্গা গ্রামের নজরুল ইসলাম খোকন। মামলার বিবরনে জানা গেছে, সদর উপজেলার মাগুরা গ্রামের রুহুল কুদ্দুসের কন্যা আমেনা খাতুন খুকুকে (২০) তার আপন মামাত ভাই শহিদুজ্জামান পলাশ বিয়ে করে। বিয়ের পর থেকে তাদের মধ্যে প্রায়ই ঝাগড়া বিবাদ হত। এক পর্যায়ে খুকু তার স্বামীর সঙ্গে ঘর সংসার করতে আপত্তি করলে ভাই মহিউদ্দীন ময়না ও বন্ধু খোকন মিলে পলাশ সুকৌশলে খুকুকে ২০০৩ সালের ১০ জুলাই সাতক্ষীরা বাজার বাগান ছাত্রাবাসে নিয়ে আসে। পর দিন শহরের সুন্দরবন টেক্সটাইল মিলের পাশের একটি পাট ক্ষেত থেকে খুকুর লাশ উদ্ধার করা হয়। এ ঘটনায় খুকুর বাবা রহুল কুদ্দুস সদর থানায় মামলা করেন। কুড়িগ্রাম: ধর্ষণের দায়ে কুড়িগ্রামের রাজারহাট উপজেলার আবুল হোসেন (৩৫) নামে এক যুবককে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড ও পাঁচ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরও পাঁচ মাসের কারাদন্ড দিয়েছে আালদাত। জেলার নারী ও শিশু নির্যাতন দমন বিশেষ আদালতের বিচারক ভবানী প্রসাদ সিংহ এ রায় দেন। মামলার বিবরণে জানা গেছে, উপজেলার গোর্বধনের চোর হিসেবে পরিচিত আবুল হোসেন প্রতিবেশী এক কিশোরীকে বিয়ের লোভ দেখিয়ে ২০০৬ এর ৩ আগস্ট সন্ধ্যায় একই এলাকার আবুল কাসেমের বাড়িতে নিয়ে ধর্ষণ করে। এভাবে পর পর তিন দিন তাকে নির্যাতন ও ধর্ষণ করলে ঘটনা ফাঁস হয়ে যায়। এ নিয়ে গ্রাম্য সালিশ বসলে ধর্ষক আবুল হোসেন পালিয়ে যায়। ওই বছরের ৯ আগস্ট ধর্ষিতা নিজে বাদী হয়ে রাজারহাট থানায় একটি মামলা করে। সাক্ষ্য প্রমাণে ঘটনার সত্যতা প্রমাণিত হওয়ায় বিচারক এ রায় ঘোষণা করেন। রাষ্ট্র পক্ষে মামলাটি পরিচালনা করেন এ্যাডভোকেট এস এম আব্রাহাম লিংকন এবং আসামি পক্ষে ছিলেন অ্যাডভোকেট ফকরুল ইসলাম ও অ্যাডভোকেট মো. মহসিন। গোপালগঞ্জ: জাল সার্টিফিকেট দিয়ে চাকরি নেওয়ার দায়ে গোপালগঞ্জে নুরুজ্জামান ব্যাপারী নামে একজনকে ১৮ বছরের সশ্রম কারাদণ্ড ও এক লাখ ৫৫ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরও এক বছর ৩ মাসের সশ্রম কারাদণ্ড দিয়েছে আদালত। বুধবার গোপালগঞ্জ মুখ্য বিচারিক হাকিম আদালতের বিচারক দিলীপ কুমার ভৌমিক এ রায় দেন। মামলার সংক্ষিপ্ত বিবরণে জানা গেছে, নুরুজ্জামান ব্যাপারী জাল সার্টিফিকেট দিয়ে গোপালগঞ্জ সদর হাসপাতালে ফার্মাসিস্ট পদে চাকরি নেন। বিষয়টি ফাঁস হয়ে গেলে ২০০১ সালে নুরুজ্জামান ব্যাপারীকে আসামি করে সদর থানায় একটি মামলা করা হয়। আসামি বর্তমানে পলাতক। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/টিএইচ/এমএসবি/২২১০ ঘ.