ঢাকা , জানুয়ারি ১০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- একটি মোবাইল ফোন নম্বেরের সূত্র ধরে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি) বৃহস্পতিবার ভোরে ব্র্যাক ব্যাংক ধানমন্ডি শাখার লকার ভেঙে ডাকাতির ঘটনার সঙ্গে জড়িত অভিযোগে চারজনকে গ্রেপ্তার করেছে।
রাজধানী ও মুন্সিগঞ্জ থেকে গ্রেপ্তার হওয়া চারজনের কাছ থেকে ব্র্যাক ব্যাংকের লকারে রাখা প্রায় দুশ ভরি স্বর্ণালংকার ও হিরা উদ্ধার করা হয়েছে বলে দাবি করেছে পুলিশ।
ঢাকা মহানগর পুলিশ কমিশনার নাইম আহমেদ বৃহস্পতিবার বিকেলে সংবাদ সম্মেলনে প্রথমে তিন জনকে গ্রেপ্তার করার খবর দেন।
তিনি বলেন, "ব্যাংক ডাকাতির পর গোয়েন্দা পুলিশ বিরামহীন অভিযান চালিয়ে একই পরিবারের রাজা মিয়া, মজনু ও ময়নাকে গ্রেপ্তার করে। মজনু ও ময়না ভাইবোন এবং রাজা মিয়া তাদের ছোট বোনের স্বামী। তাদের কাছ থেকে ১৪১ ভরি স্বর্ণালংকার, ১৩ ভরি রূপা, তিনটি হিরার আংটি, এক টুকরা হিরা, নগদ তিন লাখ টাকা এবং ডাকাতি কাজে ব্যবহৃত যন্ত্রপাতি উদ্ধার করা হয়েছে।"
পুলিশ কমিশনার কার্যালয়ে সংবাদ সম্মেলনে তিনি বলেন, "উদ্ধার হওয়া মালামালগুলো ব্র্যাক ব্যাংকের বলে গ্রেপ্তারকৃতরা স্বীকার করেছে। এগুলো আংশিক মালামাল। এখনো অভিযান চলছে।"
সন্ধ্যায় গোয়েন্দা পুলিশের অতিরিক্ত উপ কমিশনার মো. আলমগীর কবির বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে মিরপুর থেকে মাহিত নামের আরও একজনকে গ্রেপ্তারের কথা জানান।
আলমগীর কবীর বলেন, "মাহিতের কাছে প্রায় এক কেজি স্বর্ণালঙ্কার পাওয়া গেছে।"
অভিযানে অংশ নেওয়া ডিবির এক কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, শুক্রাবাদে ব্র্যাক ব্যাংকের ধানমন্ডি শাখায় ডাকাতির ঘটনা তদন্তের শুরুতেই দুটি মোবাইল নম্বর পাওয়া যায়। নিদ মহলে থাকার সময় ডাকাতরা হোটেলর টিএন্ডটি টেলিফোন দিয়ে এই মোবাইল নম্বরে ফোন করত।
মোবাইল ফোন নম্বরের একটির সূত্র ধরে তদন্তের একপর্যায়ে ডাকাতদের পরিচয় জানা যায়। এরপর অভিযানে চারজন ধরা পড়ে।
ওই পুলিশ কর্মকর্তা জানান, ডাকাতির পর লুণ্ঠিত মালামাল ১৮টি ভাগ করা হয়। দায়িত্ব অনুযায়ী ডাকাত দলের সদস্যরা ৫০ থেকে দুশ ভরি পর্যন্ত স্বর্ণালঙ্কার পেয়েছে।
গোয়েন্দা পুলিশের অতিরিক্ত উপ কমিশনার জানান, রাজামিয়া ও ময়নাকে মুন্সিগঞ্জের শ্রীনগর থানার লস্করপুর গ্রাম থেকে গ্রেপ্তার করা হয়। একই সময়ই ডিবি পুলিশের আরেকটি দল রাজধানীর যাত্রাবাড়ী থেকে মজনুকে গ্রেপ্তার করে।
তিনি জানান, মুন্সিগঞ্জ থেকে লুণ্ঠিত স্বর্ণালঙ্কার, রূপা ও হিরা উদ্ধার করা হয়। যাত্রাবাড়িতে মজনুর ভাড়া বাসায় ড্রিল মেশিন, লকারের একাধিক নকল চাবি, চাবি বানানোর যন্ত্র, বিভিন্ন ধরনের স্ক্রু ড্রাইভার, চাবির অনুরূপ লোহার খণ্ড, মোবাইলের একাধিক সিম ও চারটি মোবাইল সেট পাওয়া যায়।
পুলিশ কর্মকর্তা মো. আলমগীর কবির বলেন, "এই গ্র"পের মধ্যে রাজা মিয়া ডাকাত দলের অন্যতম নেতা। আরও একজন দলনেতা রয়েছে। গ্রেপ্তারকৃতরা নিজেদের ভাগের কিছু স্বর্ণ বিক্রি করেছে, বাকিগুলোও বিক্রির কথা ছিল।"
শিগগিরই ডাকাত দলের সবাইকে গ্রেপ্তার করা যাবে বলে তিনি আশা প্রকাশ করেন।
গ্রেপ্তারকৃত মজনু সাংবাদিকদের কাছে দাবি করেছেন, তিনি এই ঘটনার সঙ্গে
জড়িত নন। বৈশাখী নামে তার পরিবহন ব্যবসা রয়েছে। গুলিস্থান থেকে মুন্সিগঞ্জে এই গাড়ি চলাচল করে। একটি বাস দিয়ে তিনি ব্যবসা করেন।
রোববার রাজধানীর শুক্রাবাদে ব্র্যাক ব্যাংক ধানমন্ডি শাখার লকার ভেঙে ডাকাতির ঘটনা জানা যায়। ডাকাতরা হোটেল নিদ মহলের ছাদ কেটে ব্যাংকের স্ট্রং রুমে ঢুকে ৭৫টি লকার ভাঙে। তারা ৬০টি লকার থেকে মালামাল নিয়ে যায়।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এলএইচ/এসএনডি/জিএনএ/১০১২ ঘ.
bdnews24