২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

চট্টগ্রামে ব্র্যাকের সাত লাখ টাকা ছিনতাই

বেসরকারি সংস্থা ব্র্যাকের দুই কর্মকর্তার কাছ থেকে অস্ত্রের মুখে সাত লাখ টাকা ছিনিয়ে নিয়েছে ছিনতাইকারীরা। বৃহস্পতিবার নগরীর পাহাড়তলীতে ব্র্যাকের শাখা থেকে টাকা নিয়ে তারা কর্নেল হাটের অগ্রণী ব্যাংকে যাওয়ার সময় ছিনতাইকারীদের কবলে পড়েন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 10 Jan 2008, 02:20 PM

Updated : 26 Aug 2022, 01:11 PM

চট্টগ্রাম, জানুয়ারি ১০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বেসরকারি সংস্থা ব্র্যাকের দুই কর্মকর্তার কাছ থেকে অস্ত্রের মুখে সাত লাখ টাকা ছিনিয়ে নিয়েছে ছিনতাইকারীরা। বৃহস্পতিবার নগরীর পাহাড়তলীতে ব্র্যাকের শাখা থেকে টাকা নিয়ে তারা কর্নেল হাটের অগ্রণী ব্যাংকে যাওয়ার সময় ছিনতাইকারীদের কবলে পড়েন। এছাড়া নগরীর হাজীপাড়ায় বুধবার ছিনতাইকারীদের ছুরিকাঘাতে আহত ব্যক্তি মারা গেছেন। পুলিশ জানায়, ব্র্যাকের পাহাড়তলী শাখা থেকে দুই কর্মকর্তা জসিম উদ্দিন ও কাজী মনিরুল ইসলাম অফিসের মোট ৬ লাখ ৬১ হাজার টাকা নিয়ে বের হন। তারা কর্নেল হাটের অগ্রণী ব্যাংক শাখায় টাকা জমা দেয়ার জন্য যাচ্ছিলেন। এসময় সিএনজি চালিত অটোরিকশা করে দুই ছিনতাইকারী অস্ত্রের মুখে টাকা ছিনিয়ে নিয়ে পালিয়ে যায়। পাহাড়তলী থানার দায়িত্বরত কর্মকর্তা উপ পরিদর্শক আবু মুছা বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, তাদের চিৎকারে পাহাড়তলীর ব্র্যাক কার্যালয়ের এবং আশেপাশের লোকজন এগিয়ে আসার আগেই ছিনতাইকারীদের বহণকারী অটোরিকশাটি দ্রুত চলে যায়। তিনি জানান, ঘটনার পরপরই পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে। এ ব্যাপারে ব্র্যাকের টাকা বহণকারী দুই কর্মকর্তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে এবং এ ব্যাপারে মামলা দায়েরের প্রক্রিয়া চলছে। অপরদিকে, নগরীর হাজীপাড়ায় একটি বিয়ের ভিডিও কাজ করে ফেরার পথে ছিনতাইকারীদের হাতে গুরুতর আহত মো. শাহেদ (৩৫) বৃহস্পতিবার ভোরে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে মারা গেছেন। ডবলমুরিং থানার দায়িত্বরত কর্মকর্তা উপ পরিদর্শক মর্জিনা আক্তার জানান, এই ঘটনায় জুয়েল হোসেন (২২) ও মোসলেম উদ্দিন শুক্কর (২৮) নামে দুই সন্দেহভাজনকে গ্রেপ্তার করা হয়েছে। তিনি জানান, বুধবার ভোরে ভিডিও ফটোগ্রাফার শাহেদ মোগলটুলিতে একটি বিয়ের কাজ শেষে ফেরার পথে হাজী পাড়ায় ছিনতাইকারীদের কবলে পড়েন। মর্জিনা আক্তার জানান, নিহতের স্ত্রী সাজু বেগম থানায় একটি মামলা দায়ের করেছেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/আরএআর/এমএসবি/২০১১ ঘ.