২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

'ব্ল্যাকবেরি' এখন বাংলাদেশে

বাংলাদেশে প্রথমবারের মতো 'ব্ল্যাকবেরি' ওয়্যারলেস সেবা কার্যক্রম চালু করেছে গ্রামীণফোন ও রিসার্চ ইন মোশন (আরআইএম)। গ্রামীণফোনের বিজনেস সলিউশনের মাধ্যমে এই সেবা দেওয়া হবে। বুধবার রাজধানীর একটি হোটেলে এক সংবাদ সম্মেলনে এই কার্যক্রম শুরুর ঘোষণা দেয় গ্রামীণফোন। আরো জানাচ্ছেন মারুফ মল্লিক।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 10 Jan 2008, 08:56 AM

Updated : 26 Aug 2022, 01:11 PM

ঢাকা, জানুয়ারি ০৯ (বিডিনিউজ টোয়েন্টিফোন ডটকম)- বাংলাদেশে প্রথমবারের মতো 'ব্ল্যাকবেরি' ওয়্যারলেস সেবা কার্যক্রম চালু করেছে গ্রামীণফোন ও রিসার্চ ইন মোশন (আরআইএম)। গ্রামীণফোনের বিজনেস সলিউশনের মাধ্যমে এই সেবা দেওয়া হবে। বুধবার রাজধানীর একটি হোটেলে এক সংবাদ সম্মেলনে এই কার্যক্রম শুরুর ঘোষণা দেয় গ্রামীণফোন। আরো জানাচ্ছেন মারুফ মল্লিক। সংবাদ সম্মেলনে জানানো হয়, প্রাথমিকভাবে দুই ধরনের সেবা দেওয়া হবে। ব্ল্যাকবেরি এন্টারপ্রাইজ সার্ভার ও ব্ল্যাকবেরি ইন্টারনেট সর্ভিস। এই সেবা দেবার জন্য ব্ল্যাকবেরির দুটি মডেলের ফোন সেট বাজারজাত করা হচ্ছে। ব্ল্যাকবেরি ৮৭০০জি ও ব্ল্যাকবেরি পার্ল স্মার্ট ফোন দুটিতে সেবা গুলো পাওয়া যাবে। ব্যক্তি ও ছোট ব্যবসায়ী প্রতিষ্ঠানগুলো ব্ল্যাকবেরি ইন্টারনেট সার্ভিস ব্যবহার করে একটি ফোনে ১০টি কর্পোরেট ও ব্যক্তিগত ই-মেইল অ্যাকাউন্ট ব্যবহার করতে পারবে বলেও জানানো হয়। গ্রামীণফোন গ্রাহকদের মোবাইল ফোনের বিভিন্ন রকম ব্যবহার যেমন ইমেইল, ইন্টারনেট ব্রাউজিং, মেসেজিং, অর্গানাইজার, মাল্টিমিডিয়াসহ বিভিন্ন ধরনের ব্যবসায়িক সুবিধা দেবে ব্ল্যাকবেরি স্মার্ট ফোন। প্রতিষ্ঠানটির প্রধান নির্বাহী অ্যান্ডার্স ইয়েনসেন বলেন, "বিশ্বের বাণিজ্যিক ব্যবহারকারীদের কাছে ব্ল্যাকবেরি প্লাটফরম হচ্ছে সর্বোচ্চমানের নিশ্চয়তা। বাংলাদেশের প্রথম মোবাইল ফোন অপারেটর হিসাবে ব্ল্যাকবেরি ওয়্যারলেস সেবা চালুর মাধ্যমে বাণিজ্যিক প্রতিষ্ঠানগুলোর জন্য পরবর্তী প্রজন্মের বৈশ্বিক যোগাযোগ ব্যবস্থা নিয়ে আসতে পেরে আমরা গর্বিত।" রিসার্চ ইন মোশনের এশিয়া প্রশান্ত মহাসাগরীয় ভাইস প্রেসিডেন্ট নর্ম লো বলেন, "গ্রামীণফোনের নেটওয়ার্কের সঙ্গে মিলে ব্ল্যাকবেরি এমন একটি উদ্ভাবনী ও শক্তিশালী মোবাইল সেবা উপহার দেবে, যা গ্রাহকদের জীবন এবং কাজে আরও উৎপাদনশীল ও সফল হতে সহায়তা করবে।" অনুষ্ঠানে গ্রামীণফোনের চিফ মার্কেটিং অফিসার স্টেইন নাভদাল লারসেন, হেড অব ব্র্যান্ডস রুবাবা দৌলা মতিন, হেড অফ ইনফরমেশন সৈয়দ ইয়ামিন বখত উপস্থিত ছিলেন। অন্যদিকে, দেশের দ্বিতীয় বৃহত্তম মোবাইল সেবা দানকারী প্রতিষ্ঠান বাংলালিঙ্কের একজন ঊর্ধ্বতন কর্মকর্তা বলেছেন, তারাও শিগগিরই গ্রাহকদের ইমেইল সেবা দেবে। প্রতিষ্ঠানটির মার্কেটিং বিভাগের পরিচালক ওমর রশিদ বলেন, "আমি আপনাদের আশ্বস্ত করছি- আমাদের নতুন সেবার মধ্যে বেশ কিছু দারুণসব সুবিধা অন্তর্ভুক্ত থাকবে।" বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমআরএফ/এসএনডি/এএল/এমএ/১৪৪৫ঘ.