২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বঙ্গবন্ধুর স্বদেশ প্রত্যাবর্তন দিবস পালন হচ্ছে

বৃহস্পতিবার, ১০ জানুয়ারি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বদেশ প্রত্যাবর্তন দিবস। মুক্তিযুদ্ধ চলাকালে পাকিস্তানে দীর্ঘ নয় মাস কারাবাস শেষে ১৯৭২ সালের এই দিনে বঙ্গবন্ধু সদ্য স্বাধীন বাংলাদেশে ফিরে আসেন। এবার সম্পূর্ণ ভিন্ন রাজনৈতিক প্রেক্ষাপটে দলীয় সভানেত্রীকে কারাগারে রেখেই বঙ্গবন্ধুর স্ব^দেশ প্রত্যাবর্তন দিবস পালন করতে হচ্ছে আওয়ামী লীগকে ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 10 Jan 2008, 07:13 AM

Updated : 26 Aug 2022, 01:11 PM

ঢাকা, জানুয়ারি ১০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) -- বৃহস্পতিবার, ১০ জানুয়ারি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বদেশ প্রত্যাবর্তন দিবস। মুক্তিযুদ্ধ চলাকালে পাকিস্তানে দীর্ঘ নয় মাস কারাবাস শেষে ১৯৭২ সালের এই দিনে বঙ্গবন্ধু সদ্য স্বাধীন বাংলাদেশে ফিরে আসেন। এবার সম্পূর্ণ ভিন্ন রাজনৈতিক প্রেক্ষাপটে দলীয় সভানেত্রীকে কারাগারে রেখেই বঙ্গবন্ধুর স্ব^দেশ প্রত্যাবর্তন দিবস পালন করতে হচ্ছে আওয়ামী লীগকে । প্রতিবছর এই দিনে আওয়ামী লীগ জনসভার আয়োজন করে থাকলেও জরুরি অবস্থার কারণে এবার রাজধানীতে আলোচনা সভার আয়োজন করা হয়েছে। ১৯৭১ সালের ২৫ মার্চ পাকিস্তানি সামরিক জান্তা তাদের বাঙালি নিধনযজ্ঞের নীলনকশা বাস্তবায়নে 'অপারেশন সার্চলাইট' শুরু করার সঙ্গে সঙ্গে বঙ্গবন্ধুকে তার ধানমন্ডির ৩২ নম্বর সড়কের বাসা থেকে গ্রেপ্তার করে। পরে তাকে পাকিস্তানের কারাগারে স্থানান্তর করা হয়। বঙ্গবন্ধুর অবর্তমানে তাকেই রাষ্ট্রপতি করে গঠিত হয় প্রবাসী বাংলাদেশ সরকার। আর এই সরকারের নেতৃত্বেই চলে মহান মুক্তিযুদ্ধ। অবরুদ্ধ বাংলায় যখন পাকিস্তানি বাহিনীর বিরুদ্ধে প্রতিরোধ যুদ্ধ চলছে, ঠিক তখন পাকিস্তানে বঙ্গবন্ধুর প্রহসনের বিচার শুরু হয়। বিচারে তার ফাঁসির আদেশ দেওয়া হয়। ৯ মাসব্যাপী মুক্তিযুদ্ধের পর ১৯৭১ সালের ১৬ ডিসেম্বর নতুন রাষ্ট্র বাংলাদেশের জন্ম হলে দেশটির মানুষ বিশ^বাসীর কাছে তার নেতার নিঃশর্ত মুক্তি দাবি করে। আন্তর্জাতিক চাপের মুখে পাকিস্তান সরকার বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে মুক্তি দিতে বাধ্য হয়। ১০ জানুয়ারি বিজয়ীর বেশে লাখো মানুষের উষ্ণ সংবর্ধনার মধ্যে বঙ্গবন্ধু স্বদেশে ফিরে আসেন। আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি জিল্লুর রহমানের সভাপতিত্বে গত তিন জানুয়ারি দলের সভাপতিমন্ডলীর বৈঠক থেকে বঙ্গবন্ধুর স্বদেশ প্রত্যাবর্তন দিবসের কর্মসূচী চূড়ান্ত করা হয়। এর মধ্যে আছে বৃহস্পতিবার সকাল ৭টায় বঙ্গবন্ধু ভবন ও দলের কেন্দ্রীয় কার্যালয়সহ সারাদেশের দলীয় কার্যালয়ে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন, সকাল ৮টায় বঙ্গবন্ধু ভবনে জমায়েত ও বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন এবং বিকেল ৩টায় ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে আলোচনা সভা। এছাড়া আব্দুর রাজ্জাকের নেতৃত্বে কেন্দ্রীয় প্রতিনিধি দল টুঙ্গিপাড়ায় বঙ্গবন্ধুর সমাধি সৌধে শ্রদ্ধা নিবেদন, কবর জিয়ারত এবং দোয়া ও মোনাজাতে অংশ নেবে। বৃহস্পতিবার সকালে জিল্লুর রহমানের নেতৃত্বে সৈয়দা সাজেদা চৌধুরী, আমির হোসেন আমু, তোফায়েল আহমদ, সুরঞ্জিত সেনগুপ্ত, মতিয়া চৌধুরী, সৈয়দ আশরাফুল ইসলাম, সাবের হোসেন চৌধুরীসহ আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতারা ধানমন্ডির ৩২ নম্বর সড়কে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করেন। এর আগে ভোরে বঙ্গবন্ধু ভবন ও আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন করা হয়। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসইউএম/এসকে/১২৫৭ঘ.