ঢাকা, জানুয়ারি ০৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- চার উপদেষ্টার পদত্যাগ দুর্নীতিবিরোধী অভিযানে কোনো বিরূপ প্রভাব ফেলবে না- জানিয়েছেন দুর্নীতি দমন কমিশন (দুদক) চেয়ারম্যান হাসান মশহুদ চৌধুরী।
কমিশনের সেগুনবাগিচার প্রধান কার্যালয়ে বুধবার বিভিন্ন জেলার দুর্নীতি প্রতিরোধ কমিটির প্রতিনিধিদের সঙ্গে বৈঠকের বিরতিতে হাসান মশহুদ সাংবাদিকদের বলেন, "দুর্নীতির বিরুদ্ধে কমিশনের চলমান কার্যক্রম অব্যাহত থাকবে। কমিশন নিজের গতিতে কাজ করে যাবে। চার উপদেষ্টার পদত্যাগ চলমান দুর্নীতিবিরোধী অভিযানে কোনো বিরূপ প্রভাব ফেলবে না।"
এর আগে জেলা ও উপজেলা পর্যায়ের প্রতিনিধিদের সঙ্গে বৈঠকে হাসান মশহুদ কারো সঙ্গে বিরোধে না জড়িয়ে দুর্নীতি প্রতিরোধ কার্যক্রম চালানোর পরামর্শ দেন।
বৈঠকে তিনি বলেন, "সমাজে কিছু লোক আছে, যারা সমস্যা সৃষ্টি করবে। তাদের সঙ্গে বিতর্কে না জড়িয়ে এড়িয়ে চলতে হবে। দুর্নীতিবিরোধী অভিযানের পক্ষে জনগণের সমর্থন আদায় করতে হবে।"
কমিশনের সচিব মোখলেস উর রহমান, মহা পরিচালক (প্রতিরোধ) আবু তালেবসহ পাঁচটি বিভাগীয় মহাপরিচালক ও দায়িত্বশীল কর্মকর্তারা বৈঠকে উপস্থিত ছিলেন।
স্থানীয় পর্যায়ের প্রতিনিধিরা দাবি করেন, নগর ও কেন্দ্রীয় পর্যায়ে দুর্নীতিবিরোধী অভিযান যেভাবে চলছে স্থানীয় পর্যায়ে সেভাবে পরিচালনা করা হচ্ছে না। ফলে স্থানীয় পর্যায়ে দুর্নীতি প্রতিরোধ ততটা করা যায়নি।
মঙ্গলবার থেকে শুরু হওয়া তিন দিনব্যাপী বৈঠকের দ্বিতীয় দিন বুধবার নওগাঁ, নবাবগঞ্জ, বগুড়া, জয়পুরহাট, রাজশাহী ও নাটোর জেলার ৪৮টি উপজেলার ২৮৪ জন প্রতিনিধি অংশ নেন।
বৃহস্পতিবার গাইবান্ধা, সিরাজগঞ্জ ও পাবনা জেলার ২৫টি উপজেলার ১৫৭ জন প্রতিনিধি বৈঠকে অংশ নেবেন।
বৈঠকে জেলা ও উপজেলা পর্যায়ে দুর্নীতি প্রতিরোধ কমিটির কার্যক্রম সম্পর্কে দিক নির্দেশনা দেওয়া হয়।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমকে/এসএনডি/এসকে/১৯৩১ঘ.
bdnews24