ঢাকা, জানুয়ারি ০৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) --তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টাদের রদবদল নির্বাচনের কর্মপরিকল্পনায় (রোডম্যাপ) কোনো প্রভাব ফেলবে না। যথাসময়েই নির্বাচন হবে।
নির্বাচন কমিশনার মুহাম্মদ ছহুল হোসাইন বুধবার বিকালে তাঁর কার্যালয়ে সাংবাদিকদের কাছে এ আশ্বাসবাণী উচ্চারণ করেন।
ছহুল হোসাইন বলেন, "উপদেষ্টাদের রদবদল নির্বাচনের রোডম্যাপে কোনো প্রভাব ফেলবে না। উপদেষ্টারা আগেও আমাদের কাজের ক্ষেত্রে কোনো চাপ সৃষ্টি করেননি। এখনও কোনো চাপ নেই। আমরা স্বাধীনভাবে কাজ করে যাচ্ছি।"
চলতি বছর জুলাইয়ের মধ্যে আওয়ামী লীগের নির্বাচন দাবি করা বিষয়ে দৃষ্টি আকর্ষণ করা হলে কমিশনার বলেন,"ছবিসহ ভোটার তালিকা তৈরি ও নির্বাচনী আসনের সীমানা পুনঃনির্ধারণের কাজ শেষ হলেই আমরা নির্বাচনের জন্য প্রস্তুত হবো। এটি রোডম্যাপে নির্ধারিত সময়ের (ডিসেম্বর) আগেও হতে পারে।"
নির্বাচনী আইন সংস্কার নিয়ে সবগুলো রাজনৈতিক দলের সঙ্গে কমিশন আগামী ফেব্র"য়ারিতে একসঙ্গে সংলাপে বসবে, এ কথা জানিয়ে ছহুল হোসাইন বলেন, "আগামীকাল (বৃহস্পতিবার) বিএনপির সঙ্গে সংলাপের বিষয়ে আদালতে শুনানি হওয়ার কথা। আদালতের নির্দেশনা অনুযায়ী আমরা বিএনপির সঙ্গে সংলাপে বসবো। তবে আমার মনে হয় না, এ পর্যন্ত সংলাপে নির্বাচনী আইনের সংস্কার প্রস্তাবে খুব বড় ধরণের কোনো পরিবর্তন হবে।"
তিনি জানান, সংস্কার প্রস্তাবে শুধু নির্বাচনী ব্যয় নিয়ে দলগুলোর মধ্যে ভিন্নমত আছে। তিন লাখ থেকে ২৫ লাখ টাকা পর্যন্ত নির্বাচনী ব্যয় নির্ধারণ করার প্রস্তাব রয়েছে। নির্বাচনে কী ধরণের অর্থ খরচ হতে পারে, তা বিবেচনা করে কমিশন মাঝামাঝি একটি ব্যয়সীমা নির্ধারণ করবে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম বিআর/এসকে/১৭৪৪ ঘ.
bdnews24