ঢাকা, জানুয়ারি ০৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- চার উপদেষ্টার পদত্যাগের মধ্যে দিয়ে সরকারের সামগ্রিক 'ব্যর্থতার চিত্র' ফুটে উঠেছে বলে মনে করেন শিক্ষাবিদ অধ্যাপক সিরাজুল ইসলাম চৌধুরী। বাংলাদেশের কমিউনিস্ট পার্টির সাধারণ সম্পাদক মুজাহিদুল ইসলাম সেলিম ও জাসদের সভাপতি হাসানুল হক ইনু মনে করেন, সরকারের ভেতরে 'সমন্বহীনতা ও ব্যর্থতা' প্রকাশিত হয়েছে এই পদত্যাগের ঘটনার মাধ্যমে।
অবাধ ও সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে নির্বাচিত সরকারের হাতে ক্ষমতা হস্তান্তরের ওপর জোর দিয়েছেন তারা।
অধ্যাপক সিরাজুল ইসলাম চৌধুরী বুধবার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "যারা পদত্যাগ করেছেন তারা দায়িত্বপালনের সময় বিতর্কিত হয়ে পড়েছিলেন। তারা দায়িত্বজ্ঞানহীনতার পরিচয় দিয়েছেন। তাদের অদক্ষতা দেশে অর্থনীতিসহ অন্যান্য ক্ষেত্রে সঙ্কট বাড়িয়ে দিয়েছে। তাই তাদের এভাবে চলে যাওয়াটা অপ্রত্যাশিত ছিল না।"
বাংলাদেশের কমিউনিস্ট পার্টির সাধারণ সম্পাদক মুজাহিদুল ইসলাম সেলিম বলেন, "এ তত্ত্বাবধায়ক সরকার শপথ নেওয়ার সময় মানুষের ভেতরে আশার জন্ম হয়েছিল। এখন চারজনের পদত্যাগের ঘটনা বেশ তাৎপর্যপূর্ণ বলে মনে হয়। তাদের সবার বিরুদ্ধেই গুরুতর অভিযোগ ছিল। দেশবাসী তাদের পদত্যাগের দাবি তুলেছিল। এ পদত্যাগের ভেতর দিয়ে স্বীকৃত হলো- চারজন যেসব দায়িত্বে ছিলেন তা পালনে তারা ব্যর্থ হয়েছেন।"
জাসদের সভাপতি হাসানুল হক ইনু বলেন, "উপদেষ্টারা স্বেচ্ছায় বা নির্দেশিত হয়ে যেভাবেই পদত্যাগ করুন না কেন, সেটা সরকারের ভেতরে কার্যপরিচালনায় সমস্যা-সমন্বয়ের অভাব এবং অযোগ্যতা বা ব্যর্থতার কারণেই হয়েছে।"
চার উপদেষ্টার বিদায়ের পর সরকারের মূল দায়িত্ব কী হওয়া উচিত- এমন প্রশ্নের জবাবে অধ্যাপক সিরাজুল ইসলাম চৌধুরী বলেন, "আমার মতে এখন সরকারের মূল দায়িত্ব একটি নির্বাচন করে নির্বাচিত রাজনৈতিক সরকারের হাতে ক্ষমতা ছেড়ে দেওয়া।"
বর্তমান সরকারের দুর্বল দিক চিিহ্নত করে তিনি বলেন, "তত্ত্বাবধায়ক সরকারের কোনো জবাবদিহিতা না থাকায় এদের কাছে আমরা অনেক কিছু আশা করতে পারি না।"
হাসানুল হক ইনু অবিলম্বে রাজনৈতিক দলগুলোর সঙ্গে সরকারের সংলাপে বসার ওপর জোর দেন। তিনি বলেন, "সরকারের প্রধান কর্তব্য হওয়া উচিত সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠান।"
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/জিএমএ/এএল/এসএনডি/এমএ/১৭০০ঘ.
bdnews24