২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

আটক শিক্ষক-শিক্ষার্থীদের মুক্তি চেয়ে ঢাবিতে আবার কর্মসূচি

আটক শিক্ষক-শিক্ষার্থীদের মুক্তির দাবিতে বুধবারও এক দল শিক্ষক ও শিক্ষার্থী ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে কালোব্যাজ ধারণ করে মৌন কর্মসূচি পালন করেছেন। বেলা সোয়া ১১টার দিকে অপরাজেয় বাংলার পাদদেশে 'শিক্ষাঙ্গনের পরিবেশ সুষ্ঠু রাখার স্বার্থে অবিলম্বে আটককৃত শিক্ষক-শিক্ষার্থীদের বিরুদ্ধে দায়ের করা মামলা প্রত্যাহার করে তাদের মুক্তি দেয়া হোক' লেখা প্ল্যাকার্ড নিয়ে একদল শিক্ষক মৌন কর্মসূচি পালন করেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 09 Jan 2008, 08:14 AM

Updated : 26 Aug 2022, 01:10 PM

ঢাকা, জানুয়ারি ০৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)--আটক শিক্ষক-শিক্ষার্থীদের মুক্তির দাবিতে বুধবারও এক দল শিক্ষক ও শিক্ষার্থী ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে কালোব্যাজ ধারণ করে মৌন কর্মসূচি পালন করেছেন। বেলা সোয়া ১১টার দিকে অপরাজেয় বাংলার পাদদেশে 'শিক্ষাঙ্গনের পরিবেশ সুষ্ঠু রাখার স্বার্থে অবিলম্বে আটককৃত শিক্ষক-শিক্ষার্থীদের বিরুদ্ধে দায়ের করা মামলা প্রত্যাহার করে তাদের মুক্তি দেয়া হোক' লেখা প্ল্যাকার্ড নিয়ে একদল শিক্ষক মৌন কর্মসূচি পালন করেন। এসময় তাদের পরণে কালোব্যাজ ছিল। প্রায় এক ঘন্টার মৌন কর্মসূচি পালন শেষে অধ্যাপক কবীর চৌধুরী উপস্থিত সাংবাদিকদের বলেন, "সময় দ্রুত গড়িয়ে যাচ্ছে। কিন্তু শিক্ষক-ছাত্রের মুক্তি এখনও দেয়া হচ্ছেনা। শিক্ষকরা এমন কিছু করেননি যে তাদের কারাগারে পাঠাতে হবে।" শিক্ষকরা 'নো রিটার্ন পয়েন্ট' এ চলে যেতে পারেন বলেও মন্তব্য করেন তিনি। অধ্যাপক এম এম আকাশ বলেন, "শিক্ষকরা ধীরে ধীরে সংগঠিত হচ্ছে। আটককৃত শিক্ষক-ছাত্রদের মুক্তির আন্দোলনে আমরা প্রস্তুত হচ্ছি।" একইসময়ে কলা ভবনের গেটে সাধারন শিক্ষার্থীরাও মৌন অবস্থান কর্মসূচি পালন করে। এর আগে সকাল সোয়া ১০ টার দিকে সমাজ কল্যাণ ইনস্টিটিউটের তৃতীয় বর্ষের ছাত্র সামশুল কবির রাহাতের বিরুদ্ধে মামলা প্রত্যাহার এবং আটককৃত শিক্ষক-ছাত্রের মুক্তির দাবিতে ওই বিভাগের শিক্ষার্থীরা বিভাগের সামনে কালোব্যাজ পড়ে অবস্থান কর্মসূচী পালন করে। ঈদ ও শীতকালীন ছুটি শেষে ২৪ দিন পর মঙ্গলবার বিশ্ববিদ্যালয় খোলে। আগস্টের ছাত্র বিক্ষোভের সময় সংঘাত ও সহিংসতার প্রেক্ষাপটে দায়ের করা মামলায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের চার জন শিক্ষক এবং ১৫ জন শিক্ষার্থী বর্তমানে কারাগারে রয়েছেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/জেএফ/আরএ/জিএনএ/১৪০০ ঘ.