যশোর, জানুয়ারি ০৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- যশোরের সীমান্তবর্তী একটি গ্রাম থেকে ১২ কেজি গান পাউডারসহ বোমা তৈরির ১৭ কেজি উপকরণ উদ্ধার করেছে র্যাব। একই সঙ্গে উদ্ধার হয়েছে দুটি তাজা বোমাও।
বুধবার ভোররাতে চৌগাছা উপজেলার ভারত সীমান্তবর্তী দীঘল সিত্তাহ গ্রাম থেকে এসব উদ্ধার করা হয় বলে জানিয়েছেন র্যাব-৬ এর কর্মকর্তা ক্যাপ্টেন ফয়সাল আহমেদ।
তিনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, গোপন সূত্রে খবর পেয়ে র্যাবের একটি দল ভোররাতে দীঘল সিত্তাহ গ্রামে অভিযান চালায়। ওই সময় র্যাবের উপস্থিতি টের পেয়ে সন্ত্রাসীরা তিনটি বস্তা ফেলে পালিয়ে যায়।
ফেলে বস্তাগুলো থেকে ১২ কেজি গান পাউডার, বোমা তৈরির ৫ কেজি অন্যান্য উপকরণ ও দুটি তাজা বোমা পাওয়া যায় বলে র্যাব কর্মকর্তা জানান।
বোমার সরঞ্জাম উদ্ধারের বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে উল্লেখ করে ক্যাপ্টেন ফয়সাল জানান, এর সঙ্গে জড়িতদের গ্রেপ্তারে তৎপরতা চলছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমআই/১২৪৮ ঘ.
bdnews24