ঢাকা, জানুয়ারি ০৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ২৩ বছর পর ৩০০ নির্বাচনী আসনে সীমানা পুনর্নির্ধারণের কাজ শুরু হয়েছে। সীমানা নির্ধারণ হবে জনসংখ্যার ভিত্তিতে। প্রতিটি জেলায় কমপক্ষে দুটি আসন থাকবে, তবে একাধিক জেলার এলাকা নিয়ে কোন আসন থাকবে না। বাড়তে পারে ঢাকায় নির্বাচনী আসন সংখ্যা।
প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এটিএম শামসুল হুদা মঙ্গলবার সংবাদ সম্মেলনে এ তথ্য জানান।
সিইসি বলেন, "জনসংখ্যা অনুপাতে সংসদের ৩০০টি আসন পুনর্নির্ধারণের কাজ ইতোমধ্যে শুরু হয়েছে। গত ডিসেম্বর থেকে শুরু হওয়া এ কাজ আগামী জুন পর্যন্ত চলবে।"
২০০১ সালের আদমশুমারি প্রতিবেদন অনুযায়ী জিওগ্রাফিক্যাল ইনফর্মেশন সিস্টেম (জিআইএস) ব্যবহার করে সীমানা পুনর্নির্ধারণের মূল কাজ চলছে জানিয়ে শামসুল হুদা বলেন, "এ কাজ শেষ হলে জন প্রতিনিধিদের মতামত নেওয়া হবে। কারো আপত্তি থাকলে তা শুনানি শেষে গেজেট আকারে এটি প্রকাশ করা হবে।"
১৯৮৪ সালের পর এবার নির্বাচনী আসনের সীমানার ব্যাপক পুনর্নির্ধারণের কাজে হাত দিয়েছে নির্বাচন কমিশন। তবে ১৯৯১ ও ১৯৯৫ সালে আংশিকভাবে এ কাজ হয়েছিল। প্রতিবারই সীমানা নির্ধারণ নিয়ে কমিশনকে শত শত মামলা মোকাবিলা করতে হয়েছে।
এবারও একই সমস্যা হবে কিনা- জানতে চাইলে সিইসি বলেন, "আসন পুনর্নির্ধারণ নিয়ে বিতর্কের ঊর্ধ্বে থাকতে চাইলে কমিশনকে একটি মানদণ্ড নির্ধারণ করে কঠোরভাবে তা অনুসরণ করতে হবে। এই মানদণ্ডের নীতিমালা যদি সঠিক ও সবার কাছে গ্রহণযোগ্য হয়; তাহলে আমার মনে হয় না, কারো আপত্তি হওয়ার কথা।"
তিনি জানান, ২০০১ সালের আদমশুমারি অনুযায়ী দেশের মোট জনসংখ্যা প্রায় ১২ কোটি ৪৩ লাখ। এই হিসেবে জনসংখ্যা বণ্টন করলে প্রতিটি জেলায় চার লাখেরও বেশি মানুষ পড়ে। এর ওপর ভিত্তি করেই নির্বাচনী আসন পুনর্নির্ধারণ করা হবে।
তবে প্রতিটি ছোট জেলায় অন্তত দুটি আসন থাকবে এবং এক জেলার নির্বাচনী আসনের সঙ্গে অন্য জেলার আসনের কোনও সম্পৃক্ততা থাকবে না বলে সিইসি জানান।
জনসংখ্যার ভিত্তিতে সীমানা পুনর্নির্ধারণ হওয়ায় ঢাকার আসন সংখ্যা বাড়তে পারে বলেও জানান তিনি।
এদিকে নির্বাচনী আইন সংস্কারের বিষয়ে শামসুল হুদা বলেন, "এ কাজ প্রায় শেষ পর্যায়ে। এনিয়ে ১৫টি রাজনৈতিক দলের সঙ্গে সংলাপ হয়েছে। একটি রাজনৈতিক দলের (বিএনপি) সঙ্গে সংলাপ শেষ হলেই আমরা কাজটি শেষ করব। দলটির সঙ্গে সংলাপের জন্য আমরা আদালতের নির্দেশনার অপেক্ষা করছি।"
জরুরি অবস্থা প্রত্যাহারের বিষয়ে সিইসি বলেন, "এপ্রিলে সিটি করপোরেশন নির্বাচনের একমাস আগে মার্চে এ বিষয়ে আমরা সরকারের সঙ্গে কথা বলবো। তবে আমরা সরকারকে এমন কোনও অনুরোধ জানাবো না, যাতে তারা বিব্রত হয়। রাজনৈতিক দল, সরকার- সবাইকে নিয়ে সমন্বয়ের ভিত্তিতেই আমরা কাজ করবো।"
জাতীয় সংসদ নির্বাচন নিয়ে জনমনে কোনও সংশয় রয়েছে কী না- এ প্রশ্নে শামসুল হুদা বলেন, "মানুষের মনে কী আছে, তা তো বলতে পারবো না। তবে আমাদের মনে কোনও সংশয় নেই। সরকার ও দেশের উচ্চ পর্যায়ের নীতিনির্ধারণী মহলেও এ নিয়ে কোনও সংশয় নেই। আমরা বরাবরই বলে আসছি, নির্ধারিত সময়ের আগে ভোটার তালিকার কাজ শেষ করতে পারলে, আগেই নির্বাচন করব।"
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/বিআর/এমআই/এমএইচবি/২১১০ ঘ.
bdnews24