মারুফ মল্লিক
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম জ্বালানি প্রতিবেদক
ঢাকা, জানুয়ারি ০৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- এবারের সেচ মওসুমে চাষিদের অতিরিক্ত বিদ্যুৎ সরবরাহ করতে হবে পল্লী বিদ্যুতায়ন বোর্ডকে (আরইবি)। এজন্য তাদের পাঁচ হাজার ট্রান্সফরমার কেনার অনুমতি দিয়েছে বিদ্যুৎ মন্ত্রণালয়।
পাশাপাশি রাত ৮টা থেকে শহর এলাকায় দোকানপাট বন্ধ রাখার সিদ্ধান্ত কঠোরভাবে বাস্তবায়নে জন্য দোকান মালিকদের সঙ্গে বৈঠক করবে মন্ত্রণালয়।
মন্ত্রণালয় থেকে আরইবিকে পাঠানো নির্দেশনায় বলা হয়েছে, অনধিক পাঁচ হাজার ট্রান্সফরমার কেনা যাবে। তবে বিদ্যমান ট্রান্সফরমারগুলো অগ্রাধিকার ভিত্তিতে ব্যবহার করতে হবে। মেরামতযোগ্যগুলো ব্যবহারের উপযোগী করতে হবে।
বিদ্যুৎ মন্ত্রণালয় জানায়, চলতি মাসের মাঝামাঝি থেকে সেচ মওসুম শুরু হবে। এ কারণে দ্রুত ট্রান্সফরমার কেনার জন্য পাবলিক প্রকিওরমেন্ট রেগুলেশন- ২০০৩ (পিপিআর) এর শর্ত কিছুটা শিথিল করা হয়েছে। পিপিআর এ দরপত্র আহ্বানের পর ২১ দিন সময় থাকে। এবার জরুরি ভিত্তিতে ট্রান্সফরমার কেনার জন্য এককালীন পিপিআর এ ১০ দিন সময় দেওয়া হচ্ছে।
বিদ্যুৎ বিভাগের সচিব ড. এম ফাওজুল কবির খান এ বিষয়ে মঙ্গলবার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "আরইবিকে সর্বোচ্চ পাঁচ হাজার ট্রান্সফরমার কেনার জন্য বলা হয়েছে। তবে সেগুলো কেনা হবে যেসব ট্রান্সফরমার আছে তা ব্যবহার ও মেরামত করার পর। বিভিন্ন সংস্থা থেকেও আরইবিকে ট্রান্সফরমার দেওয়ার উদ্যোগ নেওয়া হয়েছে। ইতিমধ্যে ডেসা একশটি ট্রান্সফরমার দিয়েছে।"
তিনি বলেন, কৃষকরা রাত ১২টা থেকে সকাল ১১টা/১২টা পর্যন্ত সেচযন্ত্র চালালে ভালো হবে। এ সময়ে তেমন সমস্যা হবে না। চাষের প্রয়োজনে শহর এলাকায় লোডশেডিং হবে। তবে সব জায়গায় লোড শেডিং এর পরিমাণ যাতে একই থাকে সেদিকে নজর রাখা হবে।
বিদ্যুৎ সচিব বলেন, "সেচ কাজে বিদ্যুৎ সরবরাহ করাকেই আমরা অগ্রাধিকার দিচ্ছি। এ বছর ২ লাখ ৩০ হাজার সেচ যন্ত্রে বিদ্যুৎ সংযোগ দেওয়া হবে। গত বছর ২ লাখ সেচ যন্ত্রে বিদ্যুৎ সংযোগ দেওয়া হয়। বিদ্যুৎ উন্নয়ন বোর্ড এবার অতিরিক্ত ২০ হাজার সংযোগ দিচ্ছে।"
বিদ্যুৎ বিভাগ জানায়, সেচ মওসুমে এবার এক হাজার মেগাওয়াট চাহিদা বাড়বে। নিয়মিত রক্ষণাবেক্ষণের কারণে বিদ্যুৎ সঙ্কট জটিল হচ্ছে। মেঘনাঘাট ৪৫০ মেগাওয়াট বিদ্যুৎ রক্ষণাবেক্ষণ কাজের জন্য বন্ধ করা হয়েছে। সেচ মওসুমে শহরাঞ্চলে লোডশেডিং আরও বাড়বে।
এদিকে, রাত ৮টা থেকে দোকানপাট বন্ধ রাখার জন্য আগামী সপ্তাহে দোকান মালিকদের সঙ্গে বৈঠকে বসবে মন্ত্রণালয়। বিদ্যুৎ বিভাগের কর্মকর্তারা জানান, সেচ মওসুমে রাত ৮টার পর দোকান বন্ধের সিদ্ধান্ত কঠোরভাবে বাস্তবায়ন করা হবে।
সেচ কাজে বিদ্যুৎ সরবরাহ পরিস্থিতি পর্যবেক্ষণের জন্য মন্ত্রণালয়ের যুগ্মসচিব (প্রশাসন) ওয়াহিদ হোসেনকে প্রধান করে একটি কমিটি করা হয়েছে।
বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের সদস্য (বিতরণ) প্রধান করে আরও একটি এবং সারাদেশে নয়টি আঞ্চলিক কমিটিও করা হয়েছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমআরএফ/এসএনডি/এমএ/১৯২১ঘ.
bdnews24