ঢাকা, জানুয়ারি ০৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য কাজী জাফরউল্লাহকে জামিন দিয়েছে হাইকোর্ট। পাশাপাশি জরুরি ক্ষমতা বিধিমালায় তার বিরুদ্ধে লালবাগ থানায় দায়ের করা সাধারণ ডায়েরির (জিডি) কার্যক্রম কেন বাতিল করা হবে না সরকারের কাছে তার কারণ জানতে চেয়ে রুল জারি করেছে আদালত।
রোববার বিচারপতি খাদেমুল ইসলাম চৌধুরী ও বিচারপতি মো. আবদুল হাইয়ের বেঞ্চ এই আদেশ দেয়।
গুলশান থানার করা একটি জিডির ভিত্তিতে ২০০৭ সালের ১৮ এপ্রিল কাজী জাফরউল্লাহকে গ্রেপ্তার করে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা। গাজী ট্যাংকের মালিক মো. গোলাম দস্তগীর গাজীর দায়ের করা একটি চাঁদাবাজি মামলায় তাকে গ্রেপ্তার দেখিয়ে কারাগারে পাঠানো হয়। দস্তগীর গাজী ওই বছরের ১৯ মার্চ গুলশান থানায় মামলাটি দায়ের করেন। ২৬ নভেম্বর হাইকোর্ট এ মামলায় জাফরউল্লাহর জামিন মঞ্জুর করে।
৯ ডিসেম্বর গুলশান থানার জিডিতেও হাইকোর্ট থেকে জামিন পান জাফরউল্লাহ। একইসঙ্গে আদালত তার আটকাদেশ অবৈধ ঘোষণা করে মুক্তির নির্দেশ দেয়।
ওই জামিনের পর গত ১১ ডিসেম্বর সন্ধ্যায় ঢাকা কেন্দ্রীয় কারাগার থেকে মুক্তি পান কাজী জাফরউল্লাহ। এর পরপরই লালবাগ থানা পুলিশ তাকে আবার গ্রেপ্তার করে। ওই থানায় তার বিরুদ্ধে জরুরি ক্ষমতা আইনে আরেকটি জিডি করা হয়।
সোমবার এই জিডিতেই হাইকোর্ট থেকে জামিন পেলেন তিনি।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এটি/এএল/জেকে/এমএ/১৮৩৮ঘ.
bdnews24