ভোলা, জানুয়ারি ০৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ভোলা সরকারি কলেজ ছাত্রাবাসে সোমবার আগুন লেগে চারটি কক্ষ সম্পূর্ণ ও বাকীগুলো আংশিক পুড়ে গেছে।
ছাত্রাবাসের আবাসিক শিক্ষার্থী মইনুল হক বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, সকাল ১১টায় কলেজের পুরাতন ছাত্রাবাসের রান্না ঘর থেকে আগুনের সূত্রপাত হয়। কিছুক্ষণের মধ্যেই তা ছড়িয়ে পড়ে টিনশেড ছাত্রবাসটির মূল ভবনে।
শিক্ষার্থী ছাত্র ও স্থানীয় লোকজন প্রথমে আগুন নেভানোর চেষ্টা করে। তারা ব্যর্থ হয়ে ভোলা দমকল বিভাগকে খবর দেয়।
ভোলা ফায়ার সার্ভিস ও স্টেশন ম্যানেজার নুরুল আলম দুলাল জানান, রান্নাঘরে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে দুপুর সাড়ে ১২টার দিকে আগুনের সূত্রপাত হয়। দমকল বাহিনীর দুটি গাড়ি প্রায় এক ঘন্টার চেষ্ঠায় আগুন নিয়ন্ত্রণে আনে।
তিনি জানান, আগুনে ছাত্রাবাসের চারটি কক্ষ সম্পূর্ণ এবং বাকীগুলো আংশিকভাবে পুড়ে গেছে। প্রায় ১০ লাখ টাকার মাল উদ্ধার করা সম্ভব হয়েছে। তবে ক্ষয়ক্ষতির পরিমাণ এখনও জানা যায়নি। আনুমানিক পাঁচ লাখ টাকার ক্ষতি হতে পারে বলে স্টেশন ম্যানেজার ধারণা করছেন।
এ বিষয়ে কথা বলার জন্য কলেজের অধ্যক্ষ অধ্যাপক নাছির আহমেদকে পাওয়া যায়নি।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএসবি/১৭০৩ ঘ.
bdnews24