চট্টগ্রাম, জানুয়ারি ০৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- নগরীর ঘাটফরহাদবেগ এলাকা থেকে রোববার দুপুরে এক ব্যবসায়ীর কাছ থেকে আড়াই লাখ টাকা নিয়ে গেছে ছিনতাইকারীরা।
কোতয়ালী থানার উপ-পরিদর্শক মোহাম্মদ জহির বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, দুপুর দুইটার দিকে ঘাটফরহাদবেগ ফেন্সী টেইলার্সের সামনের মোড় থেকে সিএনজি অটো রিকশায় আরোহী ৩-৪ জন সশস্ত্র ছিনতাইকারী ব্যবসায়ী আবুল হাসনাত আবুর পথরোধ করে। অস্ত্রের মুখে তারা তার কাছ থেকে আড়াই লাখ টাকা ছিনিয়ে নিয়ে পালিয়ে যায়।
তিনি জানান, ব্যবসায়ী আবুল হাসনাত চেরাগী পাহাড়ের ব্র্যাক ব্যাংক থেকে টাকা তুলে হেঁটে বাসায় যাচ্ছিলেন।
এ ঘটনায় সন্ধ্যায় কোতয়ালী থানায় একটি ছিনতাই মামলা হয়েছে বলে পুলিশ কর্মকর্তা জহির জানান।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমসি/আরএআর/এমএসবি/২১১৮ ঘ.
bdnews24