চট্টগ্রাম, জানুয়ারি ০৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সিন্ডিকেট করে ভোজ্যতেলের দাম বাড়ানোর সঙ্গে জড়িত থাকার অভিযোগে যৌথ বাহিনী নগরীর একটি ভোজ্যতেল কারখানার মালিক ও তার ছেলেকে রোববার দুপুরে গ্রেপ্তার করেছে।
বন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জাহাঙ্গীর আলম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, যৌথ বাহিনী রোববার দুপুরে আদালত প্রাঙ্গন থেকে আলহাজ্ব অয়েল মিলের মালিক শওকত হোসেন চৌধুরী ও তার ছেলে আকতার হোসেনকে বিভিন্ন অভিযোগে গ্রেপ্তার করেছে।
তিনি জানান, আদালত ভবনে কাস্টমসের দায়ের করা শুল্ক ফাঁকির মামলায় হাজিরা দিয়ে বের হয়ে আসার পথে আদালত প্রাঙ্গন থেকে তাকে গ্রেপ্তার করে যৌথবাহিনী। শওকত হোসেনের বিরুদ্ধে অবৈধভাবে ভোজ্যতেল আমদানি এবং সিন্ডিকেটের মাধ্যমে তেলের দাম বাড়িয়ে দেয়ারও অভিযোগ রয়েছে।
জাহাঙ্গীর আলম জানান, সীতাকুণ্ডে শওকত হোসেনের মালিকানাধীন আলহাজ্ব অয়েল মিলস লিমিটেড বর্তমানে বন্ধ রয়েছে। মিল বন্ধ থাকা সত্ত্বেও অবৈধ ঘোষণা দিয়ে তিনি বিভিন্ন সময় বন্ড সুবিধার আওতায় অপরিশোধিত তেল আমদানি করেছেন। পরে তিনি এসব তেল বিভিন্ন জায়গায় সরবরাহ করে সুবিধা নিয়েছেন বলে অভিযোগ রয়েছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/আরএআর/এমএসবি/২১১২ ঘ.
bdnews24