ঢাকা, জানুয়ারি ০৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ল্যাবএইড হাসপাতালের অব্যস্থাপনায় এক নবজাতকের মৃত্যুর অভিযোগে শিশুটির বাবার সংবাদ সম্মেলনের আয়োজন ভণ্ডুলের দায় স্বীকার করেছে সাংবাদিকদের সংগঠন ঢাকা রিপোর্টার্স ইউনিটি (ডিআরইউ)।
শনিবার ডিআরইউ এর সদস্যদের কাছে পাঠানো এক চিঠিতে জানানো হয়, এক 'সিনিয়র সাংবাদিক' এর অনুরোধে সংগঠনের সভাপতির নির্দেশেই সংবাদ সম্মেলন করার বুকিং বাতিল করা হয়েছিল।
পরের ঘটনার ব্যাখ্যা দিয়ে সংগঠনের সাধারণ সম্পাদক ইলিয়াস খান স্বাক্ষরিত চিঠিতে বলা হয়েছে, '১ জানুয়ারি ২০০৮ পরিবারটি সকাল ১১টায় ডিআরইউ কার্যালয়ের সামনে আসে এবং বিভিন্ন গণমাধ্যমের প্রতিনিধিদের সঙ্গে কথা বলতে শুরু করে। কার্যনির্বাহী কমিটি অবহিত হয়েছে, এ সময় ডিআরইউ'র একজন সদস্য পুলিশের সহায়তায় তাদের এ কাজে বাধা সৃষ্টি করেন।'
এ বিষয়ে টেলিফোনে যোগাযোগ করা হলে ডিআরইউ এর সাধারণ সম্পাদক ইলিয়াস খান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "সভাপতি আলমগীর হোসেন গত ৩ জানুয়ারির কার্যনির্বাহী কমিটির বৈঠকে জানান, সাংবাদিক এ বি এম মূসার অনুরোধে তিনি সংবাদ সম্মেলনের বুকিং বাতিল করেন। এ বি এম মূসা বলেছেন, অভিযোগকারীর সঙ্গে সমঝোতার চেষ্টা চলছে। তাই সংবাদ সম্মেলন করার কিছু নেই।"
আলমগীর হোসেনের মোবাইল ফোনে এ বিষয়ে বেশ কয়েকবার কথা বলার চেষ্টা করা হলেও তিনি ফোন ধরেননি।
ইলিয়াস খান আরও বলেন, "এছাড়া অভিযোগ পাওয়া গেছে ডিআরইউ এর সদস্য মধুসূদন মণ্ডল সেদিন পুলিশ ডেকে এনেছিলেন। তাকে কারণ দর্শানো নোটিশ দেওয়া হয়েছে। তিন দিনের মধ্যে এর জবাব দিতে হবে।"
গত বৃহস্পতিবার মধুসূদন মন্ডল বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম এর কাছে তার বিরুদ্ধে ওঠা অভিযোগ অস্বীকার করে বলেন, "এ সংবাদ সম্মেলনের সঙ্গে আমার কোনো সম্পর্ক নেই।"
মধুসূদন জানান, তিনি এখন 'একাত্তর' নামে একটি টেলিভিশন চ্যানেলে কর্মরত আছেন। এটি এখনও প্রচারে আসেনি। চ্যানেলটির অর্থায়ন করছে ল্যাবএইড গ্র"প। সাংবাদিক এ বি এম মূসা টেলিভিশনটির চেয়ারম্যান।
এ বি এম মূসা ডিআরইউ এ সংবাদ সম্মেলনের বুকিং বাতিলে ভূমিকা রাখার অভিযোগ অস্বীকার করেছেন। রোববার বিকেলে টেলিফোনে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে তিনি বলেন, "সংবাদ সম্মেলন বাতিল করার কথা আমি বলিনি। আমি শুধু বলেছিলাম ল্যাবএইড কর্তৃপক্ষ জানতে পেরেছে, তাদের নিয়ে একটি সংবাদ সম্মেলন হচ্ছে। সাংবাদিকতার নীতি অনুসারে সেখানে দু'পক্ষেরই বক্তব্য উপস্থাপন করা যায় কি না। এ তথ্যটি আমি জানিয়েছি। কোনো অনুরোধ করিনি।"
ডিআরইউ এর চিঠিতে জানানো হয়, ৩ জানুয়ারির কার্যনির্বাহির কমিটির বৈঠকে সভাপতি বলেন, বুকিং বাতিলের বিষয়টি এর আয়োজককে একদিন আগেই জানানো হয়েছিল। এছাড়া, আবেদনটিতে শিশুমৃত্যুর বিষয়ে উল্লেখ ছিল না।
চকবাজারের ব্যবসায়ী শফিকুল ইসলামের মেয়ে দেড় মাসের শিশু আফিয়াকে গত ২৪ ডিসেম্বর রাজধানীর ল্যাবএইড হাসপাতালে ভর্তি করা হয়। শফিকুল অভিযোগ করেন, ২৭ ডিসেম্বর সকাল ১১টার দিকে তিনি হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে ঢুকে দেখতে পান, হাত দিয়ে পাম্প করে একটি যন্ত্রের মাধ্যমে আফিয়ার শ্বাস-প্রশ্বাসের কাজ চালানো হচ্ছে। আধ ঘণ্টা পর চিকিৎসকরা জানান, ইনকিউবেটর কাজ করছে না। তারা মেয়েকে তখন অন্য হাসপাতালে নিতে বললে বের হওয়ার জন্য বিল দিতে গিয়েও তার দেরি হয়ে যায়। "ল্যাবএইড কর্তৃপক্ষকে অনুরোধ করি, আমার স্ত্রী ও আত্মীয়-স্বজন থাকল; ওরা বিল পরিশোধ করবে। আমি বাচ্চাটিকে নিয়ে যাই। কিন্তু ল্যাবএইড তাতে রাজি হয়নি।"
এর কিছুক্ষণ পর অন্য একটি হাসপাতালে নেওয়ার পথে আফিয়া মারা যায়। শফিকুল ইসলাম এ ঘটনার জন্য ল্যাবএইডের অব্যস্থাপনা ও অবহেলাকে দায়ী করেন।
ল্যাবএইড কর্তৃপক্ষ তাদের অব্যবস্থাপনা বা অবহেলায় শিশুটির মৃত্যুর অভিযোগ অস্বীকার করে।
গণমাধ্যমকে বিষয়টি জানানোর জন্য সংবাদ সম্মেলন করতে ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে (ডিআরইউ) হলরুম বুকিং করেন শফিকুল ইসলাম। কিন্তু ১ জানুয়ারি সংবাদ সম্মেলন করতে সেখানে গেলে ডিআরইউ কর্তৃপক্ষ জানায়, তার বুকিং বাতিল করা হয়েছে। পরে ডিআরইউ এর সামনে রাস্তায় দাঁড়িয়ে কথা বলতে চাইলে পুলিশ তাকে বাধা দেয়।
ডিআরইউ এর চিঠিতে বলা হয়, 'বুকিং বাতিলের সিদ্ধান্তটি সভাপতির একার হলেও আমরা কোনো অবস্থাতেই দায় এড়াতে পারি না।'
এ ঘটনায় ঢাকা রিপোর্টার্স ইউনিটির ভাবমূর্তি মারাত্মকভাবে ক্ষুণ
bdnews24