২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

চট্টগ্রামে বিজয় টিভি মামলার অভিযোগ গঠনের শুনানি ৯ জানুয়ারি

চট্টগ্রামে বিজয় টিভি প্রতিষ্ঠায় অর্থ আত্মসাত মামলার বিচার কাজ রোববার শুরু হয়েছে। চট্টগ্রাম বিভাগীয় বিশেষ জজ আদালতের বিচারক এস এম সোলায়মান আগামী ৯ জানুয়ারি এ মামলায় অভিযোগ গঠনের ওপর শুনানির দিন ধার্য করেছেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 06 Jan 2008, 10:06 AM

Updated : 26 Aug 2022, 01:09 PM

চট্টগ্রাম, জানুয়ারি ০৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- চট্টগ্রামে বিজয় টিভি প্রতিষ্ঠায় অর্থ আত্মসাত মামলার বিচার কাজ রোববার শুরু হয়েছে। চট্টগ্রাম বিভাগীয় বিশেষ জজ আদালতের বিচারক এস এম সোলায়মান আগামী ৯ জানুয়ারি এ মামলায় অভিযোগ গঠনের ওপর শুনানির দিন ধার্য করেছেন। এ সময় মামলার দুই আসামি চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র এবিএম মহিউদ্দিন চৌধুরী ও বরখাস্তকৃত প্রধান নির্বাহী কর্মকর্তা ইমতিয়াজ হোসেন চৌধুরী আদালতে উপস্থিত ছিলেন। মামলার অপর আসামি সিটি কর্পোরেশনের প্রধান প্রকৌশলী মোখতার আলম এখনও পলাতক। মোখতার আলমের বিরুদ্ধে গেজেট নোটিফিকেশন আদালতে পৌঁছায় বিচার কাজ আবার শুরু হল। এর আগে তার বিরুদ্ধে গেজেট প্রকাশ না করায় বাংলাদেশ সরকারি মুদ্রাণালয় ও বাংলাদেশ ফর্ম ও প্রকাশনা কার্যালয়ের দুই কর্মকর্তাকে আদালতে হাজির হয়ে এর জানাতে নির্দেশ দেয়া হয়। রাষ্ট্রপক্ষের আইনজীবী জহিরুল হক বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, মোখতার আলমের বিরুদ্ধে জারিকৃত গেজেট নোটিফিকেশন ২ জানুয়ারি আদালতে পৌঁছায় বিচারক মামলার বিচার কাজ শুরু করেন। তিনি আগামী ৯ জানুয়ারি অভিযোগ গঠনের ওপর শুনানির দিন নির্ধারণ করেছেন। গেজেট নোটিফিকেশন প্রকাশে বিলম্ব হওয়ায় দায়িত্বপ্রাপ্ত দুই সরকারি কর্মকর্তা বাংলাদেশ সরকারি মুদ্রণালয়, ঢাকার উপ-নিয়ন্ত্রক একেএম রফিকুল ইসলাম এবং বাংলাদেশ ফর্ম ও প্রকাশনা অফিস, তেজগাঁও ঢাকার উপ-নিয়ন্ত্রক আখতার হোসেনকে ৯ জানুয়ারি আদালতে হাজির হওয়ার নির্দেশ বহাল থাকবে বলে জানিয়েছেন তিনি। অ্যাডভোকেট জহিরুল হক জানান, গেজেট নোটিফিকেশন প্রকাশে বিলম্বের কারণ আদালতকে জানাতে হবে তাদের। দুর্নীতি দমন কমিশন (দুদক), চট্টগ্রামের উপ-পরিচালক আবু মোহাম্মদ আরেফ সিদ্দিকী গত ২৭ মে এই তিনজনের বিরুদ্ধে বিজয় টিভি প্রতিষ্ঠায় সিটি কর্পোরেশনের তহবিল থেকে পরস্পরের যোগসাজশে ৮০ লাখ টাকা আত্মসাতের অভিযোগে কোতয়ালী থানায় মামলা করেন। বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/এমসি/আরএআর/এমএসবি/১৬০৩ ঘ.