২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

দারিদ্র্য নয়, মূল্যবোধের অভাবে দুর্নীতি হচ্ছে: দুদক চেয়ারম্যান

দুর্নীতি দমন কমিশনের (দুদক) চেয়ারম্যান হাসান মশহুদ চৌধুরী বলেছেন, দারিদ্র্যের কারণে নয়, মানুষের মূল্যবোধ কমে যাওয়ার কারণেই দেশে দুর্নীতি হচ্ছে। এটি রোধ করতে হলে জনপ্রতিনিধিদের একসঙ্গে কাজ করতে হবে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 05 Jan 2008, 03:29 PM

Updated : 26 Aug 2022, 01:09 PM

ঢাকা, জানুয়ারি ০৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- দুর্নীতি দমন কমিশনের (দুদক) চেয়ারম্যান হাসান মশহুদ চৌধুরী বলেছেন, দারিদ্র্যের কারণে নয়, মানুষের মূল্যবোধ কমে যাওয়ার কারণেই দেশে দুর্নীতি হচ্ছে। এটি রোধ করতে হলে জনপ্রতিনিধিদের একসঙ্গে কাজ করতে হবে। শনিবার জাতীয় প্যারেড স্কোয়ারে স্থানীয় সরকার প্রতিষ্ঠানের জনপ্রতিনিধিদের সম্মেলনে দুদক চেয়ারম্যান বলেন, "অনেকে দুর্নীতির জন্য অভাব ও স্বভাবকে দায়ী করতে চান। দেশের ৭০ শতাংশ মানুষই দরিদ্র। কিন্তু সবাই দুর্নীতি করে না। তাই দারিদ্র্যের কারণে দুর্নীতি হচ্ছে এমন তত্ত্ব সমর্থন করা যায় না। দুর্নীতি হচ্ছে আত্মা বা মানসিকতার ব্যাপার।" সম্মেলনের কর্ম-অধিবেশনের বিশেষ অতিথি হাসান মশহুদ চৌধুরী দুর্নীতির বিরুদ্ধে সক্রিয় ভূমিকা রাখার জন্য স্থানীয় সরকারের নির্বাচিত জনপ্রতিনিধিদের প্রতি আহ্বান জানান। তিনি বলেন, "প্রতিটি সাধারণ মানুষের মধ্যে দুর্নীতির বিষয়ে সচেতনতা সৃষ্টিতে জনপ্রতিনিধিদের চেয়ে বড় আর কোনো মাধ্যম নেই। এজন্য তাদের একসঙ্গে কাজ করতে হবে।" স্থানীয় সরকার উপদেষ্টা মো. আনোয়ারুল ইকবালের সভাপতিত্বে কর্ম-অধিবেশনে স্থানীয় সরকার প্রতিষ্ঠানের নির্বাচিত প্রতিনিধিরা ছাড়াও সেনাপ্রধান জেনারেল মইন উ আহমেদ, রেগুলেটরি রিফর্মস কমিশনের চেয়ারম্যান ড. আকবর আলি খান, বাংলাদেশ ব্যাংকের গভর্নর ড. সালেহউদ্দিন আহমেদ, জাতিসংঘ উন্নয়ন প্রকল্পের আবাসিক প্রতিনিধি ড. মনোজ বসনিয়াত ও ঢাকার বিভাগীয় কমিশনার ইকরাম আহমেদ বক্তব্য রাখেন। পরে জনপ্রতিনিধিদের সঙ্গে প্রশ্নোত্তর পর্বে দুদক চেয়ারম্যান বলেন, "যারা বেশি বেতন পান তারাই বেশি দুর্নীতি করেন, এটা সত্য। দুর্নীতি রোধে সবাইকে একযোগে কাজ করতে হবে। কমিশনও এ ব্যাপারে কাজ করে যাচ্ছে।" কাস্টমস ও বিদ্যুৎ বিভাগের দুর্নীতির বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হচ্ছে কিনা- এ প্রশ্নের জবাবে তিনি বলেন, "সবার দুর্নীতির বিরুদ্ধেই ব্যবস্থা নেওয়া হবে। তবে এজন্য আরও সময় লাগবে।" বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমকে/এসএনডি/এসকে/২১২৪ঘ.