২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

১০ লাখ টন চাল আমদানি করা হচ্ছে: প্রধান উপদেষ্টা

দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে কৃষি উৎপাদন বাড়ানোর তাগিদ দিয়ে প্রধান উপদেষ্টা ড. ফখরুদ্দীন আহমদ জানিয়েছেন চালের বাজার স্থিতিশীল রাখতে ১০ লাখ টন চাল আমদানি করা হচ্ছে। শনিবার স্থানীয় সরকার প্রতিষ্ঠানগুলোর নির্বাচিত প্রতিনিধিদের সম্মেলনে প্রধান উপদেষ্টা এ তথ্য জানান।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 05 Jan 2008, 06:48 AM

Updated : 26 Aug 2022, 01:09 PM

ঢাকা, জানুয়ারি ০৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে কৃষি উৎপাদন বাড়ানোর তাগিদ দিয়ে প্রধান উপদেষ্টা ড. ফখরুদ্দীন আহমদ জানিয়েছেন চালের বাজার স্থিতিশীল রাখতে ১০ লাখ টন চাল আমদানি করা হচ্ছে। শনিবার স্থানীয় সরকার প্রতিষ্ঠানগুলোর নির্বাচিত প্রতিনিধিদের সম্মেলনে প্রধান উপদেষ্টা এ তথ্য জানান। সম্মেলনে তিনি সুশাসন প্রতিষ্ঠায় তৃণমূল পর্যায়ে জনপ্রতিনিধিদের বলিষ্ঠ ভূমিকা রাখার আহ্বান জানান। রাজধানীর আগারগাঁওয়ে জাতীয় প্যারেড স্কয়ারে অনুষ্ঠিত ওই সম্মেলনে সারাদেশ থেকে সহস্রাধিক স্থানীয় সরকার প্রতিনিধি অংশ নেন। সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে ফখরুদ্দীন বলেন, "দেশে কাক্সিক্ষত সুশাসন প্রতিষ্ঠায় তৃণমূল পর্যায়ের স্থানীয় সরকার প্রতিনিধিদের রাখতে হবে গুরুত্বপূর্ণ ভূমিকা। দুর্নীতির রাহুগ্রাস থেকে আমাদের বেরিয়ে আসতে হবে। স্থানীয় পর্যায়ে দুর্নীতি প্রতিরোধে জোরালো ভূমিকা রাখতে হবে।" স্থানীয় সরকার কাঠামো শক্তিশালী করতে বর্তমান সরকারের নেওয়া বিভিন্ন পদক্ষেপের কথা তুলে ধরেন প্রধান উপদেষ্টা। পাশাপাশি দুর্নীতি রোধ, দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ ও সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠানে সরকারের নানামুখী সাফল্য ও পদক্ষেপের কথাও বলেন তিনি। চালের বাজার স্থিতিশীল রাখতে ১০ লাখ টন চাল আমদানির সিদ্ধান্ত হয়েছে জানিয়ে সরকার প্রধান বলেন, বিদেশ থেকে চার লাখ টন আমদানির চুক্তি ইতোমধ্যে সম্পন্ন হয়েছে। বাকি ছয় লাখ টন চাল খুব শিগগির আমদানি করা হবে। এছাড়া ভারত থেকে পাঁচ লাখ টন চাল আমদানির জন্য একটি প্রতিনিধি দল সে দেশে যাচ্ছে। থাইল্যান্ড ও ভিয়েতনাম থেকেও চাল আমদানির চেষ্টা চলছে বলে ড. ফখরুদ্দীন জানান। তিনি বলেন, দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে আনতে কৃষি উৎপাদন বাড়ানোর বিকল্প নেই। কৃষি উৎপাদন বাড়াতে চলতি মৌসুমে কৃষকদের কাছে সার পৌঁছে দিতে সরকার নানামুখী পদক্ষেপ নিয়েছে উল্লেখ করে প্রধান উপদেষ্টা বলেন, এবার সারাদেশে ১৪ হাজার স্থান থেকে সার বিতরণ করা হবে। সারে ভর্তুকির কথা উল্লেখ করে ফখরুদ্দীন আহমদ জানান, সরকার প্রতিকেজি সার ৩১ টাকা দরে কিনলেও তা বিক্রি করা হবে ৫ টাকা ৩০ পয়সা দরে। প্রধান উপদেষ্টা জানান, ২০০৮ সালের মধ্যে নির্বাচন অনুষ্ঠানের লক্ষ্যে নির্বাচন কমিশন ইতোমধ্যে দুই কোটি ভোটারের নাম তালিকাভুক্ত করেছে। সুশাসন প্রতিষ্ঠায় দেশে একটি একটি শক্তিশালী ভিত্তি প্রতিষ্ঠা করার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করে ড. ফখরুদ্দীন বলেন, উন্নয়ন প্রয়াসে জনগণের অংশগ্রহণ নিশ্চিত করতে হবে। স্থানীয় সরকার ব্যবস্থা মজবুত করার জন্য নিতে হবে কার্যকর ভূমিকা। সকাল ১০টায় স্থানীয় সরকার উপদেষ্টা মো. আনোয়ারুল ইকবালের সভাপতিত্বে সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠানে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন স্থানীয় সরকার গতিশীল ও শক্তিশালীকরণ কমিটির সভাপতি এম এম শওকত আলী, স্থানীয় সরকার মন্ত্রণালয়ের যুগ্ম সচিব মিজানুর রহমান। অনুষ্ঠানে কয়েকজন উপদেষ্টাসহ সরকারি ও সামরিক কর্মকর্তারা উপস্থিত ছিলেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএল/এমআই/জিএনএ/১২৪৩ ঘ.