২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

মুন্সীগঞ্জে ট্রলারডুবির চার দিন পর আরো পাঁচটি লাশ উদ্ধার

মুন্সীগঞ্জে ধলেশ্বরীতে ডুবে যাওয়া ট্রলার 'ত্রিশা'র পাঁচ আরোহীর লাশ শুক্রবার সকালে উদ্ধার করা হয়েছে। এ নিয়ে মোট ছয়টি লাশ উদ্ধার করা হলো। ট্রলারের এক আরোহী এখনও নিখোঁজ রয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 04 Jan 2008, 06:48 AM

Updated : 26 Aug 2022, 01:09 PM

মুন্সীগঞ্জ, জানুয়ারি ০৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- মুন্সীগঞ্জে ধলেশ্বরীতে ডুবে যাওয়া ট্রলার 'ত্রিশা'র পাঁচ আরোহীর লাশ শুক্রবার সকালে উদ্ধার করা হয়েছে। এ নিয়ে মোট ছয়টি লাশ উদ্ধার করা হলো। ট্রলারের এক আরোহী এখনও নিখোঁজ রয়েছে। শুক্রবার যাদের লাশ উদ্ধার করা হয়; তারা হলো, ব্রাহ্মণবাড়িয়ার নাসিমনগর উপজেলার ঘুজিয়াখাইল গ্রামের রাহের মিয়া (৪০), ফকিরদিয়া গ্রামের মঞ্জুর আলী (২৮) ও জুলহাস মিয়া (২০), একই জেলার সরাইল উপজেলার ডোবাজাইল গ্রামের সফিউল্লাহ (২৫) এবং সুনামগঞ্জ জেলার তাহেরপুর থানায় ফকিরনগর গ্রামের বিল্লাল মিয়া (৩১)। মুন্সীগঞ্জের এনডিসি সগির হোসেন সাংবাদিকদের জানান, দুর্ঘটনাস্থল মুন্সীগঞ্জ লঞ্চ ঘাটের পাশেই শুক্রবার সকালে লাশগুলো ভেসে ওঠে। উদ্ধার করার পর স্বজনরা লাশগুলো সনাক্ত করে। ট্রলারডুবির পরদিন শুকুর আলী (৬০) নামে এক জনের লাশ উদ্ধার করা হয়েছিলো। এখনও নিখোঁজ রয়েছেন ঘুজিয়াখাইল গ্রামের সহিদুল্লাহ (৩০)। গত ৩১ ডিসেম্বর রাতে এমভি বন্ধন নামে একটি লঞ্চের ধাক্কায় ৪০ জন শ্রমিকসহ ট্রলারটি ডুবে যায়। উদ্ধারকারী জাহাজ রুস্তম উদ্ধার তৎপরতা চালিয়ে যাচ্ছে। তবে ৫০ ফুট পানির নিচে তলিয়ে থাকা ৯০ ফুট দীর্ঘ ওই ট্রলারটি এখনও উদ্ধার করা যায়নি। লঞ্চ এমভি বন্ধনকেও আটক করা যায়নি। এ ঘটনায় মামলা হলেও কেউ গ্রেপ্তার হয়নি। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/টিএইচ/এমআই/১২৩৯ ঘ.