ঢাকা, জানুয়ারি ৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - ফ্রান্সে বাংলাদেশের রাষ্ট্রদূত মো. রুহুল আমিন গুরুতর অসুস্থ। তাকে প্যারিসের একটি হাসপাতালে জীবন রক্ষাকারী যন্ত্রপাতির সাহায্যে বাঁচিয়ে রাখা হয়েছে।
পররাষ্ট্র মন্ত্রণালয়ের ইউরোপ ডেস্কের মহাপরিচালক নাজমুল কাউনাইন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "আমাদের কাছে বৃহস্পতিবার বিকেল ৫টা পর্যন্ত খবর রয়েছে। সে খবর অনুযায়ী তাকে লাইফ সার্পোট দিয়ে বাঁচিয়ে রাখা হয়েছে। হাসপাতালের ডাক্তাররা লাইফ সার্পোট খুলে ফেলার জন্য পরিবারের সম্মতি চেয়েছেন।"
বুধবার বাংলাদেশ সময় রাত ১২টার দিকে মস্তিস্কে ব্যাপক রক্তক্ষরণ শুরু হওয়ায় রুহুল আমিনকে স্থানীয় একটি ক্লিনিকে নেওয়া হয়। সেখান থেকে তাকে একটি হাসপাতালে নেওয়া হয়।
গত বছরের জুনে মো. রুহুল আমিন ফ্রান্সে রাষ্ট্রদূত হিসেবে যোগ দেন। এর আগে তিনি বাহরাইনে রাষ্ট্রদূত ছিলেন। তিনি ১৯৮৪ সালে বাংলাদেশ সিভিল সার্ভিসের পররাষ্ট্র বিভাগে যোগ দেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএইচডি-ইএইচবি/টিএইচ/এমএইচবি/১৯০৮ ঘ.
bdnews24