ঢাকা, জানুয়ারি ০১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- উনিশ দিনের শীতকালীন ছুটি শেষে বুধবার খুলছে সুপ্রিম কোর্ট। শুরুতেই বিভিন্ন মামলা নিয়ে সরগরম হয়ে উঠবে দেশের সর্বোচ্চ আদালত।
সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার সম্পদের হিসাব চেয়ে দুর্নীতি দমন কমিশনের নোটিশ অবৈধ ঘোষণা করে হাইকোর্টের রায়ের বিরুদ্ধে করা আপিলের ওপর এ সপ্তাহেই আপিল বিভাগে শুনানি হবে। এছাড়া জরুরি বিধিমালায় সাজা পাওয়া ব্যক্তিকে হাইকোর্ট জামিন দিতে পারবে বলে দেওয়া রায়ের বিরুদ্ধে সরকারের আপিলের ওপরও শুনানি গ্রহণ করবে সুপ্রিম কোর্ট। অ্যাডভোকেট সিগমা হুদা ও ব্যারিস্টার নাজমুল হুদার জামিন স্থগিতের আবেদনের ওপরও শুনানি হবে আপিল বিভাগে।
এছাড়া, সাবেক মন্ত্রী তরিকুল ইসলাম, ড. খন্দকার মোশাররফ হোসেন, তারেক রহমান, আরাফাত রহমান কোকো, সাবেক প্রতিমন্ত্রী মহিউদ্দিন খান আলমগীর, ইকবাল হাসান মাহমুদ টুকু, আবদুল আওয়াল মিন্টু, লোটাস কামাল, মোসাদ্দেক আলী ফালুসহ বিভিন্ন রাজনৈতিক নেতার পক্ষে দেওয়া হাইকোর্টে বিভিন্ন আদেশ ও রায়ের বিরুদ্ধে সরকার ও দুদকের আপিলের ওপর শুনানি হওয়ার কথা রয়েছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এটি/এসএনডি/এমএইচবি/২২৩৬ ঘ.
bdnews24