ব্রাহ্মণবাড়িয়া, জানুয়ারি ০১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ব্রাহ্মণবাড়িয়ার সদর উপজেলার সীমান্তবর্তী কুতুবপুর গ্রামে অভিযান চালিয়ে ৫০০ বোতল ফেনসিডিলসহ চার জনকে গ্রেপ্তার করেছে যৌথবাহিনী।
ব্রাহ্মণবাড়িয়া সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. কামাল উদ্দীন মঙ্গলবার সকালে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে এ তথ্য জানিয়েছেন।
গ্রেপ্তারকৃতরা হলো, তোতা মিয়া (২৮), মো. সেলিম মিয়া (২২), মো. নাজিম মিয়া (২২) বুট্টু (২৫)। তাদের সদর থানায় সোপর্দ করা হয়েছে।
ওসি বলেন, গোপন সংবাদের ভিত্তিতে যৌথবাহিনীর একটি দল মঙ্গলবার ভোররাতে ভারতের ত্রিপুরা সীমান্তবর্তী কুতুবপুর গ্রামে তোতা মিয়ার বাড়িতে অভিযান চালিয়ে তোতা মিয়াসহ ওই চার চোরাকারবারিকে গ্রেপ্তার করে। অভিযানের সময় ওই বাড়িতে ৫০০ বোতল ফেনসিডিল পাওয়া যায়। পরে ওই চার জনকে থানায় সোপর্দ করা হয়।
তাদের বিরুদ্ধে মাদক আইনে একটি মামলা হয়েছে বলে ওসি জানান।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমআই/১২৩৭ ঘ.
bdnews24