ঢাকা, সেপ্টেম্বর ৩০ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)- সড়ক দুর্ঘটনা, কালো ধোয়া নিগর্মন ও শব্দ দূষণ রোধে এবং দ্রুত গতিতে গাড়ি চালানো বন্ধ করা ও ফিটনেস সংক্রান্ত জটিলতা নিরসনে মোটরযান অধ্যাদেশ (বিআরটিএ অধ্যাদেশ) ও প্যানেল প্রভিশন সংশোধনের উদ্যোগ নিয়েছে সরকার।
ইতোমধ্যেই প্যানেল প্রভিশন সংশোধনের জন্য গঠিত কমিটি একটি খসড়া প্রস্তাব প্রণয়ন করে মন্ত্রণালয়ে পাঠিয়েছে। এতে শাস্তির পরিধি বৃদ্ধির প্রস্তাব করা হয়েছে।
বাংলাদেশ সড়ক ও পরিবহন কর্তৃপক্ষের (বিআরটিএ) পরিচালক (প্রকৌশল) হুমায়ুন রশিদ খলিফা বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকমকে বলেন, "সংশোধনীতে বিভিন্ন ধরনের অপরাধের জন্য নতুন করে শাস্তি ও জরিমানার প্রস্তাব করা হয়েছে। সংশোধনী অনুযায়ী জেলসহ জরিমানা বিদ্যমান আইনের চেয়ে কয়েকগুন বেশি হবে। একই অপরাধ দ্বিতীয়বার করলে কয়েকগুন বেশি জরিমানাসহ জেল দেওয়ার বিধান রাখার প্রস্তাব করা হয়েছে।"
এ ছাড়াও বিআরটিএ অধ্যাদেশ সংশোধনের কাজ চলছে। এ জন্য বিআরটিসির চেয়ারম্যানকে প্রধান করে একটি কমিটি গঠন করা হয়েছে। এর কাজও প্রায় শেষ পর্যায়ে। আগামী কিছুদিনের মধ্যেই সংশোধনীর খসড়া মন্ত্রণালয়ে জমা দেওয়া হবে।
এদিকে, চলন্ত অবস্থায় চালকদের গাড়িতে মোবাইল ফোন ব্যবহার নিষিদ্ধ করেছে বাংলাদেশ সড়ক পরিবহণ কর্তৃপক্ষ (বিআরটিএ)। একইসঙ্গে নিষিদ্ধ করা হয়েছে হাইড্রোলিক হর্ণ।
বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের (বিআরটিএ) চেয়ারম্যান আবু বকর মো. শাহজাহান বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকমকে বলেন, "দুর্ঘটনা রোধে গাড়ি চালানো অবস্থায় চালকদের মোবাইল ফোন ব্যবহার নিষিদ্ধ করা হয়েছে। শব্দ দূষণ নিয়ন্ত্রণে নিষিদ্ধ করা হয়েছে হাইড্রোলিক হর্ণ।"
গত জুলাই মাসে এ সংক্রান্ত সরকারি গেজেট প্রকাশ করা হয়েছে বলেও জানান বিআরটিএ চেয়ারম্যান আবু বকর।
বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/এমআরএফ/এএল/এমএ/১৮১৭ঘ.
bdnews24