ঢাকা, সেপ্টেম্বর ৩০ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)- রোডম্যাপ অনুযায়ী বাংলাদেশে ২০০৮ সালের মধ্যে নির্বাচন অনুষ্ঠান ও বর্তমান সরকারের বিভিন্ন সংস্কার কার্যক্রমের প্রতি সমর্থন জানিয়েছেন জাতিসংঘ মহাসচিব বান কি মুন।
নিউ ইয়র্কে বান কি মুনের সঙ্গে প্রধান উপদেষ্টা ফখরুদ্দিন আহমদ দেখা করার সময় জাতিসংঘের এই সমর্থনের কথা জানানো হয়। রোববার পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ কথা বলা হয়েছে।
প্রধান উপদেষ্টা এ সময় বাংলাদেশে বিভিন্ন সংস্কার কার্যক্রম ও নির্বাচনী কার্যক্রম সম্পর্কে বান কি মুনকে অবহিত করেন। তিনি জাতিসংঘের বিভিন্ন সংস্কার কার্যক্রমে বাংলাদেশের সমর্থন অব্যহত রাখার আশ্বাস দেন। বাংলাদেশের বিভিন্ন উন্নয়ন কার্যক্রমে ইউএনডিপির ভূমিকারও প্রশংসা করেন তিনি।
জাতিসংঘ মহাসচিব সংস্থার বিভিন্ন মিশনে বাংলাদেশী শান্তিরক্ষীদের প্রশংসা করে জানান, আফ্রিকা সফরের সময় সেখানে দায়িত্বপালনরত বাংলাদেশী শান্তিরক্ষীদের উচ্চ প্রশিক্ষণ ও নিয়মানুবর্তিতায় তিনি মুগ্ধ।
প্রধান উপদেষ্টার সঙ্গে এ সময় পররাষ্ট্র উপদেষ্টা ইফতেখার আহমেদ চৌধুরী, মন্ত্রিপরিষদ সচিব আলী ইমাম মজুমদার, জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি ইসমত জাহান ও প্রধান উপদেষ্টার প্রেসসচিব ফহিম মুনয়েম উপস্থিত ছিলেন।
বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/টিএইচ/এসএনডি/১৭৫৬ ঘ.
bdnews24