সাভার, সেপ্টেম্বর ৩০ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)- আশুলিয়ার গণকবাড়ী এলাকায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে রোববার চার শ্রমিকের মৃত্যু হয়েছে। একটি জমিতে মাটি পরীক্ষার কাজের জন্য পাইপ বসানোর সময় বিদ্যুতের তারের সঙ্গে পাইপের সংস্পর্শ হলে এ দুর্ঘটনা ঘটে। ওই সময় কিছু সময়ের জন্য ওই এলাকা বিদ্যুত বিচ্ছিন্ন হয়ে পড়ে।
আশুলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামরুল ইসলাম জানান, অবসরপ্রাপ্ত পুলিশ সুপার মাহবুবুর রহমানের জমিতে বহুতল ভবন নির্মাণের জন্য রোববার মাটি পরীক্ষার(সয়েল টেস্ট) কাজ চলছিল। বেলা ২টার দিকে ল্যান্ড সুরপাই নামে একটি প্রতিষ্ঠানের ছয় সদস্য মাটি পরীক্ষার জন্য লোহার পাইপ স্থাপনের সময় পল্লী বিদ্যুতের ১১ হাজার ভোল্টের তারের সঙ্গে পাইপের সংস্পর্শ হয়। সঙ্গে সঙ্গে তড়িতাহত হয়ে ঘটনাস্থলেই মারা যায় চার শ্রমিক। বাকি দুজনও আহত হয়।
নিহতদের দুজনের পরিচয় পাওয়া গেছে। তারা হলেন, বরিশাল জেলার শাহ আলম (৪০) ও নীলফামারী জেলার অধর চন্দ্র রায় (৫০)।
আহত দুজনকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
এ ঘটনায় থানায় মামলার প্রস্তুতি চলছে বলে ওসি কামরুল ইসলাম জানান।
পল্লী বিদ্যুতের সাভার অঞ্চলের উপ মহা-ব্যবস্থাপক আব্দুল হাকিম বলেন, "পাইপটি যখনই ১১ হাজার ভোল্টের লাইনের সংস্পর্শে আসে, তখনই স্বয়ংক্রিয়ভাবে বিদ্যুত সংযোগ বন্ধ হয়ে যায়। পরে আশুলিয়া থানা থেকে দুর্ঘটনার কথা জানানো হয়। তখন লোক পাঠিয়ে বিদ্যুত সংযোগ পুনরায় সচল করা হয়।"
বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমআই/১৭৩৪ ঘ.
bdnews24