নারায়ণগঞ্জ, সেপ্টেম্বর ৩০ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)- কর ফাঁকির অভিযোগে নারায়ণগঞ্জ-৪ (ফতুল্লা-সিদ্ধিরগঞ্জ) আসনে বিএনপিদলীয় সাবেক সাংসদ মুহাম্মদ গিয়াসউদ্দিনের বিরুদ্ধে মামলা করেছে ঢাকা ওয়াসা।
রোববার ঢাকা ওয়াসার প্রধান কার্যালয়ের উপ-প্রধান রাজস্ব কর্মকর্তা মিজানুর রহমান বাদি হয়ে ওয়াসার ম্যাজিস্ট্রেট কাজী ওয়াসিউদ্দিনের আদালতে মামলাটি করেন।
এতে অভিযোগ করা হয়েছে, সাংসদ থাকার সময় গিয়াসউদ্দিন গভীর নলকূপের মাধ্যমে পানি উঠিয়ে ঢাকা ওয়াসার ১৫ লাখ ৬৪ হাজার ৫৮৩ টাকা কর ফাঁকি দিয়েছেন।
মামলার এজাহারে বলা হয়, ঢাকা ওয়াসার ১৯৯৬ সালের অধ্যাদেশ অনুযায়ী ওয়াসা অধিভুক্ত এলাকায় গভীর নলকূপের সাহায্যে পানি উঠাতে হলে ওয়াসার অনুমতি নেয়া এবং নির্ধারিত হারে কর দেওয়া বাধ্যতামূলক। গিয়াসউদ্দিন সিদ্ধিরগঞ্জের হীরাঝিল এলাকায় যে তিনটি গভীর নলকূপ বসিয়েছেন সে এলাকা ১৯৬৩ সাল থেকেই ঢাকা ওয়াসার অধিভুক্ত।
বাদির অভিযোগ, আসামি তার মালিকানাধীন প্রতিষ্ঠান ড্রিম ফ্যাশন, কাসসাফ শপিং সেন্টার ও নিজ বাসায় স্থাপিত তিনটি গভীর নলকূপের অনুমতি ফি, নবায়ন ফি, মিটারের মূল্য, এককালীন জরিমানা, দৈনিক জরিমানা বাবদ ১৫ লাখ ৬৪ হাজার ৫৮৩ টাকা কর ফাঁকি দিয়েছেন।
একজন আইন প্রণেতা হয়েও ক্ষমতার দাপট দেখিয়ে আইন লঙ্ঘন করে কর ফাঁকি দিয়ে গিয়াসউদ্দিন সরকারের আর্থিক ক্ষতি করেছেন বলে এজাহারে উল্লেখ করা হয়।
কারাগারে অন্তরীণ গিয়াসউদ্দিনের বিরুদ্ধে দুর্নীতি, চাঁদাবাজি, প্রতারণা, অর্থ পাচারসহ নানা অভিযোগে এর আগে ১৪টি মামলা হয়। দুটি মামলায় সাবেক এ সাংসদের দুই স্ত্রীকেও আসামি করা হয়।
বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমআই/১৬৩৫ ঘ.
bdnews24