২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

এয়ারলাইন্সগুলো 'ওপেন স্কাই' এ সহসাই অংশ নিচ্ছে না

দেশে আটকে পড়া শ্রমিকদের দ্রুত বিদেশে পাঠাতে ১ অক্টোবর থেকে সরকারের 'ওপেন স্কাই পলিসি' চালু হচ্ছে। তবে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সসহ বড় বড় এয়ারলাইন্সগুলো এতে সহসাই অংশ নিচ্ছে না। উড়োজাহাজ সঙ্কটের কারণে বিমান, এমিরেটস, সাউদিয়া ও কাতার এয়ারওয়েজ শিডিউল ফ্লাইটের বাইরে এখনই বাড়তি ফ্লাইট চালাতে পারছে না বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 30 Sep 2007, 09:36 AM

Updated : 26 Aug 2022, 08:42 PM

ঢাকা, সেপ্টেম্বর ৩০ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)- দেশে আটকে পড়া শ্রমিকদের দ্রুত বিদেশে পাঠাতে ১ অক্টোবর থেকে সরকারের 'ওপেন স্কাই পলিসি' চালু হচ্ছে। তবে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সসহ বড় বড় এয়ারলাইন্সগুলো এতে সহসাই অংশ নিচ্ছে না। উড়োজাহাজ সঙ্কটের কারণে বিমান, এমিরেটস, সাউদিয়া ও কাতার এয়ারওয়েজ শিডিউল ফ্লাইটের বাইরে এখনই বাড়তি ফ্লাইট চালাতে পারছে না বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে। তবে বিমান এ অবস্থা কাটিয়ে উঠতে ফুকেট এয়ারলাইন্সের কাছ থেকে একটি বোয়িং- ৭৪৭ উড়োজাহাজ ভাড়া নেওয়ার চেষ্টা করছে। বিমানের ব্যবস্থাপনা পরিচালক এম এ মোমেন রোববার বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকমকে বলেন, "আমাদের যথেষ্ট উড়োজাহাজ নেই বলে ইচ্ছে থাকলেও ওপেন স্কাই পলিসির সুযোগ নিয়ে তেমন কোনো বাড়তি ফ্লাইট চালাতে পারবো না।" ফুকেট এয়ারের কাছ থেকে একটি বোয়িং- ৭৪৭ ভাড়া নেওয়া গেলে সেটি দিয়ে নিয়মিত ও বাড়তি সব ধরনের ফ্লাইট চালানো সম্ভব হবে জানিয়ে এমএ মোমেন বলেন, "ফুকেট এয়ারের বিষয়টি এখন সমঝোতার পর্যায়ে রয়েছে। সমঝোতা হলে আমরা ভাড়া না নিয়ে উড়োজাহাজটি ইজারাও নিতে পারি।" অ্যাসোসিয়েশন অব ট্রাভেল এজেন্টস অব বাংলাদেশ (আটাব) এর মহাসচিব এইচ এ এম বারি রোববার বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকমকে জানান, তিনি এমিরেটস, সৌদিয়া ও কাতার এয়ারওয়েজের ঢাকা অফিসের সঙ্গে কথা বলে জেনেছেন, বাড়তি উড়োজাহাজ না থাকায় এই তিনটি এয়ারলাইন্স শিগগিরই ওপেন স্কাই পলিসিতে অংশ নিচ্ছে না। তিনি বলেন, "এ কারণে ওই তিনটি এয়ারলাইন্স নিয়মিত ফ্লাইটের বাইরে বাড়তি ফ্লাইট চালানোর ঘোষণা এখনো দেয়নি।" বিমানের একটি সূত্র জানায়, মূলত কুয়ালালামপুর ও দুবাইয়ে যেতে আগ্রহী বাংলাদেশী শ্রমিকের সংখ্যা বেশি হওয়ায় এই দুটি গন্তব্যে বিমান বাড়তি ফ্লাইট চালাতে চায়। বিমানের উড়োজাহাজ বহরের ১৩টি ডিসি- ১০, এয়ারবাস ও এফ- ২৮ এর মধ্যে এখন মাত্র পাঁচটি সচল রয়েছে। উড়োজাহাজগুলো অনেক পুরনো বলে প্রায়ই ছোটখাট দুর্ঘটনার কারণে তা অচল হয়ে পড়ে। কুয়ালালামপুর ও দুবাইয়ে বিমানের সপ্তাহে সাতটি করে শিডিউল ফ্লাইট রয়েছে। অন্যদিকে এমিরেটস, সৌদিয়া ও কাতার এয়ারওয়েজের মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে সপ্তাহে সাতটি করে ফ্লাইট রয়েছে। ফ্লাইট সঙ্কট কাটিয়ে দ্রুত বিদেশে শ্রমিক পাঠানোর জন্য দেশি -বিদেশি এয়ারলাইন্সগুলোকে গত ১৯ সেপ্টেম্বর সরকার 'ওপেন স্কাই পলিসি' চালু করার অনুমতি দেয়। উপদেষ্টা পরিষদের বৈঠকে নেওয়া সিদ্ধান্ত অনুযায়ী, অক্টোবর থেকে তিন মাসের জন্য এয়ারলাইন্সগুলো ঢাকা, চট্টগ্রাম ও সিলেট বিমানবন্দর থেকে ইচ্ছে মতো আন্তর্জাতিক ফ্লাইট চালাতে পারবে। এর আগে গত ১০ সেপ্টেম্বর বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন বিষয়ক মন্ত্রণালয়ে অনুষ্ঠিত এক সভায় দেশি-বিদেশি এয়ারলাইন্সগুলো সরকারকে ওপেন স্কাই পলিসি চালু করার প্রস্তাব দেয়। এয়ারলাইন্সগুলোর প্রস্তাবে বলা হয়, এই পলিসি চালু হলে ফ্লাইট সঙ্কটের কারণে মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে যেতে প্রস্তুত হাজার হাজার শ্রমিক পাঠানোর ক্ষেত্রে বিদ্যমান সমস্যার অবসান হবে। সভা শেষে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন বিষয়ক মন্ত্রণালয়ের সচিব শেখ আলতাফ আলী সাংবাদিকদের জানিয়েছিলেন, বাংলাদেশ বিমানসহ মধ্যপ্রাচ্যগামী অন্য এয়ারলাইন্সের আসন সংখ্যার তুলনায় বিদেশে যাওয়ার জন্য প্রস্তুত শ্রমিক সংখ্যা আকস্মিক বৃদ্ধি পাওয়ায় বহুসংখ্যক যাত্রী টিকিট পাচ্ছে না। এছাড়া ইউরোপ ও মধ্যপ্রাচ্যের দেশগুলোতে এখন চলছে গ্রীষ্মকালীন ছুটি। তাই সে সব দেশের এয়ারলাইন্সগুলোকেও যাত্রীদের বাড়তি চাপ সামলাতে হচ্ছে। সভায় উপস্থিত অ্যাসোসিয়েশন অব ট্রাভেল এজেন্টস অব বাংলাদেশ (আটাব) সভাপতি মোহাইমিন সালেহ প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের তথ্য তুলে ধরে সাংবাদিকদের জানান, এক লাখ ৩৮ হাজার ২২৯ জন শ্রমিক এখন মধ্যপ্রাচ্যসহ বিভিন্ন দেশে যাওয়ার জন্য প্রস্তুত রয়েছে। চলতি মাসেই মধ্যপ্রাচ্যে যাওয়ার জন্য তৈরি আছে ১৭ হাজার শ্রমিক। গত বছরের চেয়ে এবার ১০ লাখ বেশি (১২৩ শতাংশ) কর্মী বিদেশে কাজ নিয়ে যাচ্ছে। ওই সভায় এমিরেটস, সৌদিয়া ও জিএমজি এয়ারলাইন্স নিয়মিত ফ্লাইটের বাইরে বিভিন্ন রুটে সপ্তাহে সাতটি করে বাড়তি ফ্লাইট চালানোর আগ্রহ দেখায়। বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/বিআর/আরএ/এসএনডি/এমএ/১৪১৬ঘ.