ঢাকা, সেপ্টেম্বর ৩০ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)- আইন বিচার ও সংসদ বিষয়ক উপদেষ্টা ব্যারিস্টার মইনুল হোসেন বলেছেন, ব্যবসায়ীদের গ্রেপ্তার করা হবে না। তারা নির্ভয়ে ব্যবসা করতে পারেন। তবে কোন ব্যবসায়ীর বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ পাওয়া গেলে তাকে জরিমানা করা হবে ।
রোববার দুপুরে সচিবালয়ে তার কার্যালয়ের সামনে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।
মইনুল হোসেন বলেন, ৮০ জনের যে তালিকা প্রকাশিত হয়েছে সেখান থেকে এখনই কাউকে গ্রেপ্তার করা হবে না। এদের নাম আরও যাচাই বাছাই শেষে তদন্তের পর প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
তিনি বলেন, "আমি যতদূর জানি দুর্নীতি দমন কমিশন আর নতুন কোনো তালিকা প্রকাশ করবে না। এটাই সর্বশেষ তালিকা। এই ৮০ জনের তালিকাটি তারা আনুষ্ঠানিকভাবে প্রকাশ করবে।"
সরকার চাইলে সেনাবাহিনী ব্যারাকে ফিরে যাবে সেনাপ্রধানের এই বক্তব্য নিয়ে এক প্রশ্নের জবাবে উপদেষ্টা বলেন, "এটা শাসনতন্ত্রের কথা। আমরা যদি নির্বাচনের মাধ্যমে সরকারের ওপর দায়িত্ব অর্পণ করতে পারি তবে তাদের এত কাজ করতে হবে না। তারা অবশ্যই ব্যারাকে ফিরে যাবে।"
বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/এমকে/এএইচডি/আরএ/এসএনডি/এমএ/১৫২৮ ঘ.
bdnews24