কুষ্টিয়া, সেপ্টেম্বর ৩০ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)- জেলা সদরের হরিশংকরপুরে শনিবার রাতে পুলিশের সঙ্গে 'বন্দুকযুদ্ধে' গণমুক্তি ফৌজের সদস্য জহিরুল ইসলাম (২৮) নিহত হয়েছে।
পুলিশ জানিয়েছে, জহিরুল চরমপন্থী সংগঠন গণমুক্তি ফৌজের শাহিন-মুকুল গ্র"পের শীর্ষ ক্যাডার। তার বিরুদ্ধে হত্যাসহ অর্ধডজন মামলা রয়েছে। তার বাড়ি কুষ্টিয়া সদর উপজেলার শিমুলিয়া গ্রামে।
সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাইন উদ্দীন দাবি করেন, চরমপন্থীরা গোপন বৈঠক করছে- এ খবর পেয়ে রাত দেড়টার দিকে পুলিশ হরিশংকরপুর চাঁদাগাড়া গোরস্থানের কাছে পৌঁছলে সন্ত্রাসীরা পুলিশকে লক্ষ করে গুলি ছোড়ে। তখন পুলিশও পাল্টা গুলি চালায়। গোলাগুলির এক পর্যায়ে জহিরুল গুলিবিদ্ধ হয়ে মারা যায়।
পুলিশ ঘটনাস্থল থেকে একটি রিভলবার ও দুই রাউন্ড গুলি উদ্ধার করেছে বলে ওসি মাইন জানান।
বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এএল/এমআই/১২২৯ ঘ.
bdnews24