ঢাকা, সেপ্টেম্বর ২৮ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)-- জন্মদিনে ছেলে-মেয়ের সঙ্গে কথা বলতে না পেরে শেখ হাসিনা দুঃখ প্রকাশ করেছেন।
শুক্রবার সংসদ ভবন এলাকার বিশেষ কারাগারে শেখ হাসিনার সঙ্গে দেখা করার পর তার আত্মীয় ব্যারিস্টার ফজলে নূর তাপস ও মঞ্জিলা ফারুক সাংবাদিকদের এ কথা জানান।
বিকেল চারটায় ওয়াজেদ মিয়ার ভাগ্নি নীপা চৌধুরী, চাচাতো বোন ও প্রটোকল অফিসার মঞ্জিলা ফারুক, নাতনি শামীমা আক্তার শামু, ফুফাতো বোন সাইদা শেলী এবং ভাতিজা ব্যারিস্টার ফজলে নূর তাপস বিশেষ কারাগারে ঢোকেন। তারা শেখ হাসিনার সঙ্গে দেখা করে ৫টা ২৫ মিনিটে বের হয়ে আসেন।
এসময় তাদের সঙ্গে শেখ হাসিনার নাতনি নামিরা (৭) ও আরিয়াল (৮) যেতে চাইলেও প্রথমে তাদের ঢুকতে দেওয়া হয়নি। তবে প্রায় আধঘন্টা পর কারারক্ষীরা এসে তাদের শেখ হাসিনার কাছে নিয়ে যায়।
কারাগার থেকে বের হয়ে ব্যারিস্টার তাপস সাংবাদিকদের বলেন, "শেখ হাসিনার বিশ্বাস, তিনি শিগগিরই জেল থেকে বের হতে পারবেন। জন্মদিনে ছেলে-মেয়েদের কারো সঙ্গেই কথা বলতে না পেরে তার মন খারাপ। তবে তিনি ভালো আছেন। তিনি দেশবাসীর দোয়া চেয়েছেন।"
তাপস আরো বলেন, তিনি দলীয় নেতা-কর্মীদের ঐক্যবদ্ধ থাকার জন্য নির্দেশ দিয়েছেন। সবাইকে তিনি ধৈর্য ধরতে বলেছেন।
মঞ্জিলা ফারুক সাংবাদিকদের বলেন, "বিচার প্রক্রিয়া সুষ্ঠু হলে ন্যায় বিচার পাবেন বলে আশা করছেন শেখ হাসিনা। কারো বিরুদ্ধে তার কোন অভিযোগ নেই। উনি ভালো আছেন এবং দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন।"
বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/এএনএস/ এমএ/১৯৩৬ঘ.
bdnews24