চট্টগ্রাম, সেপ্টেম্বর ২৮ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)- যৌথবাহিনীর নির্দেশে নগরীর কাঁচা বাজারগুলোতে শুক্রবার থেকে মূল্য তালিকা টাঙানো শুরু হয়েছে। তবে খুচরা ব্যবসায়ীরা বলছেন, পণ্যমূল্য কমাতে হলে পাইকারি বাজার নিয়ন্ত্রণ করতে হবে।
বাজারগুলোতে যৌথবাহিনী ও র্যাবের মনিটরিং টিম কাজ করলেও সবজির দামে তেমন একটা হেরফের হয়নি। প্রায় সব ধরনের ভোগ্যপণ্যের দাম প্রায় অপরিবর্তিত থাকলেও পেঁয়াজ, আদা ও খেসারির দাম কিছুটা বেড়েছে।
অন্যদিকে, মাছের বাজার স্থিতিশীল থাকলেও সামুদ্রিক মাছ লাক্ষার দাম বেড়েই চলেছে। প্রতি কেজি লাক্ষা মাছ বিক্রি হচ্ছে ৬০০ টাকায়, রোজার শুরুতে যার দাম ছিলো সাড়ে চারশ টাকা। দাম বাড়ার কারণ হিসেবে সরবরাহ কম থাকাকে দায়ী করেছেন মাছ ব্যবসায়ীরা।
রমজানে পণ্যমূল্য নিয়ন্ত্রণ ও মূল্য তালিকা টাঙানোর নির্দেশ পর্যবেক্ষণ করতে নগরীর কাঁচা বাজারগুলোতে সকাল থেকে অভিযান শুরু করে যৌথবাহিনী।
র্যাব-৭ এর কর্মকর্তা সহকারী পুলিশ সুপার হাসানুজ্জামানের নেতৃত্বে একটি দল সকালে নগরীর কাজীর দেউরী বাজারে দাম পর্যবেক্ষণ করেন। এসময় যৌথবাহিনীর সদস্যরা সবজি, মাছ ও মাংস ব্যবসায়ীদের সঙ্গে কথা বলে প্রতিদিন খুচরা মূল্য ও পণ্য ক্রয়ের পাইকারি রশিদ রাখার নির্দেশ দেন।
র্যাব কর্মকর্তা হাসানুজ্জামান বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকমকে বলেন, পণ্যমূল্য স্থিতিশীল অবস্থায় আনতে বাজারগুলোতে দাম পর্যবেক্ষণ করা হচ্ছে। বৃহস্পতিবার বিকেলে প্রতিটি বাজারে গিয়ে পণ্যমূল্য টাঙিয়ে রাখতে ব্যবসায়ীদের নির্দেশ দেওয়া হয়। সেটির কার্যকারিতা দেখতেই বিভিন্ন বাজারে অভিযান চালানো হয়।
নগরীর অন্যান্য বাজারগুলোতে নিয়মিত অভিযান চালানো হবে জানিয়ে তিনি বলেন, রিয়াজ উদ্দিন বাজারের পাইকারি আড়তগুলোতেও র্যাবের মনিটরিং টিম কাজ করছে।
এদিকে আইন শৃঙ্খলা বাহিনীর পর্যবেক্ষণের কারণে এখন স্বস্তিতে বাজার করা যাবে বলে মনে করছেন ক্রেতারা।
কাজীর দেউরী বাজারে সোহেল আহমদ নামে এক ক্রেতা বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকমকে বলেন, "পণ্য তালিকা টাঙানোর ফলে সবজি প্রতি কেজিতে ২ থেকে ৫ টাকা কমে কিনতে পারছি। আগে এসব পণ্যে দোকানিরা একেক জনের কাছে একেক রকম দাম রাখত।"
র্যাবের অভিযান সম্পর্কে কাজীর দেউরী বাজার দোকান মালিক সমিতির সভাপতি আবদুর রাজ্জাক বলেন, খুচরা ব্যবসায়ীরা মূল্য তালিকা রাখলেও পাইকারি বাজার নিয়ন্ত্রণ করতে না পারলে পণ্যের দাম কখনোই কমবে না।
শুক্রবার সকালে কাজীর দেউরী ও রিয়াজ উদ্দিন বাজারে পেঁয়াজ কেজি প্রতি ৩৬ টাকায়, আদা ৫৪ টাকায়, খেসারির ডাল ৩৬ টাকায়, ছোলা ৬২ টাকায়, মটর ডাল ৩২ টাকায় ও মসুর ডাল ৭২ টাকায় বিক্রি হয়েছে।
অপরদিকে, উভয় বাজারে বেগুনের দাম এখনও কমেনি। প্রতি কেজি বেগুন ৬০ থেকে ৬৫ টাকায় বিক্রি হয়েছে। এছাড়া কেজি প্রতি খিরা ২৬ থেকে ২৮ টাকা, গাজর ৬০ টাকা, কাঁচামরিচ ৮০ টাকা, ধনেপাতা ১৮০ টাকা, আলু ২১ টাকা, পেঁপে ১৬ টাকা, ঝিঙা ৩৬ টাকা, পটল ২৪ টাকা, কাঁকরোল ৩০ টাকা ও টমেটো ৬০ টাকায় বিক্রি হয়েছে।
মাছের ক্ষেত্রে কেজি প্রতি ইলিশ বড় ৩৪০ টাকা ও ছোট ২৮০ টাকা, কাতলা ১৬০ টাকা, রুই ১৩০ টাকা, রূপচান্দা ২৮০ টাকা ও কোরাল ৩২০ টাকা দরে বিক্রি হয়েছে।
বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/এমসি/আরএআর/এমএআর/এমআই/১৬৩৩ ঘ.
bdnews24