চট্টগ্রাম, সেপ্টেম্বর ২৮ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)- সীতাকুণ্ড উপজেলার বার আউলিয়া এলাকায় বৃহস্পতিবার রাতে দেড় কোটি টাকার প্রায় চার হাজারটি ভারতীয় শাড়ি আটক করেছে বিডিআর।
৪৩ রাইফেলস ব্যাটালিয়নের উপ-অধিনায়ক মেজর একেএম নুরুল বাহার জানান, বার আউলিয়ায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের পাশে শাহ আমানত ফিলিং স্টেশনের সামনে থেকে ট্রাক ভর্তি প্রায় চার হাজারটি ভারতীয় শাড়ি আটক করা হয়।
তিনি জানান, প্রতিটি শাড়ির বাজার মূল্য আনুমানিক চার থেকে পাঁচ হাজার টাকা। সে অনুপাতে মোট শাড়ির মূল্য দেড় কোটি টাকারও বেশি।
বিডিআর কর্মকর্তা জানান, গোপন সংবাদের ভিত্তিতে রাত সাড়ে ১২টার দিকে বিডিআর সদস্যরা ট্রাকটি থামাতে বললে ট্রাক ফেলে চালক ও হেলপার পালিয়ে যায়।
আটক করা শাড়িগুলো কাস্টমসের কাছে হস্তান্তর করা হয়েছে এবং এ বিষয়ে থানায় মামলার প্রস্তুতি চলছে বলে নুরুল বাহার জানান।
বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/আরএআর/টিএইচ/এমআই/১২৪৫ ঘ.
bdnews24