নারায়ণগঞ্জ, সেপ্টেম্বর ২৭ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)- সম্পদ বিবরণীতে মিথ্যা তথ্য দেওয়ার অভিযোগে আওয়ামী লীগের সাবেক সাংসদ শামীম ওসমান ও তার স্ত্রী সালমা ওসমানের বিরুদ্ধে ফতুল্লা মডেল থানায় একটি মামলা করেছে দুর্নীতি দমন কমিশন।
কমিশনের নারায়ণগঞ্জ কার্যালয়ের উপ পরিচালক বেনজীর আহমেদ বৃহস্পতিবার রাত ৯টার দিকে মামলাটি দায়ের করেন।
মামালার এজাহারে বলা হয়, শামীম ওসমান ১৯৯৯ থেকে ২০০৬ সাল পর্যন্ত নিজের নামে ১ কোটি ১ লাখ ৮০ হাজার এবং স্ত্রী সালমা ওসমানের নামে ১৮ লাখ ৯৫ হাজার টাকার হিসাব কমিশনে জমা দিয়েছেন। এ হিসাব বিবরণীতে তারা মোট ৯৯ লাখ ১৯ হাজার টাকার সম্পদ আত্মীয়দের কাছ থেকে দান হিসেবে পেয়েছেন বলে উল্লেখ করা হয়েছে। কিন্তু দুর্নীতি দমন কমিশনের (দুদক) অনুসন্ধানে এর কোনো সত্যতা পাওয়া যায়নি।
এছাড়া সালামা ওসমানের সম্পদের উৎসও ওই বিবরণীতে উল্লেখ করা হয়নি।
ফতুল্লা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ভূঁইয়া মাহবুব হাসান বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকমকে জানান, পুলিশ রাত নয়টার দিকে মামলা নিয়েছে। এ ব্যপারে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হচ্ছে বলে তিনি জানিয়েছেন।
সাবেক সাংসদ শামীম ওসমানকে এর আগে দুটি মামলায় মোট ১১ বছরের কারাদণ্ড দিয়েছে আদালত। তিনি বর্তমানে পলাতক। তার স্ত্রীর বিরুদ্ধে এটাই প্রথম মামলা।
বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/জেকে/এমএসবি/২৩০৬ ঘ.
bdnews24