রাজশাহী, সেপ্টেম্বর ২৭ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)- উচ্ছেদ ও চাঁদাবাজির অভিযোগে রাজশাহীর মেয়র মিজানুর রহমান মিনুর বিরুদ্ধে দায়ের হওয়া দুটি মামলায় অভিযোগপত্র দিয়েছে পুলিশ।
বোয়ালিয়া থানার উপ-পরিদর্শক (এসআই) সাইফুল ইসলাম বৃহস্পতিবার নগরীর মুখ্য মহানগর হাকিমের আদালতে অভিযোগপত্র দাখিল করেন। এতে মিনুসহ চারজনকে অভিযুক্ত করা হয়েছে।
গত ৬ আগস্ট দুর্গাপুরের ব্যবসায়ী নুরুন নবী বাদী হয়ে তার ব্যবসায়ীক পার্টনার লুৎফর রহমান, তার ভাই ফজলুর রহমান ও বজলুর রহমানের বিরুদ্ধে উচ্ছেদ ও চাঁদাবাজির অভিযোগে বোয়ালিয়া থানায় দুটি মামলা করেন। মামলায় মেয়র মিনুকে অপরাধের নির্দেশদাতা উল্লেখ করা হয়।
পুলিশের উপ-পরিদর্শক সাইফুল ইসলাম জানান, এই মামলায় নির্দেশদাতা হিসেবে মেয়র মিজানুর রহমান মিনুর সংশ্লিষ্টতা পাওয়া গেছে বলেই অভিযোগপত্রে তার নাম এসেছে।
এক লাখ টাকা চাঁদাবাজির অভিযোগে বুধবারও মেয়র মিনুর বিরুদ্ধে একটি মামলা হয়। এর আগে তার বিরুদ্ধে জঙ্গি মদদদান, চাঁদাবজি, ভাংচুর ও লুটপাটের অভিযোগে আরও কয়েকটি মামলা হয়েছে। এর মধ্যে চাঁদাবাজির একটি মামলায় গত ২৬ জুলাই তাকে ১৩ বছর কারাদণ্ড দেয় আদালত। তিনি এখন কারাগারে আছেন।
বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এসএনডি/১৫১৩ ঘ.
bdnews24