২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ত্রাণের আটা উদ্ধারের ঘটনায় নীলফামারীতে ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে মামলা

ডিমলা উপজেলার পশ্চিম ছাতনাই ইউনিয়নের মাস্টারপাড়া এলাকার একটি বাড়ি থেকে ত্রাণের আটা উদ্ধারের ঘটনায় ইউপি চেয়ারম্যান, সদস্যসহ পাঁচ জনকে আসামি করে বুধবার মামলা হয়েছে। থানারহাট সীমান্ত ফাঁড়ির হাবিলদার আব্দুল আজিজ বাদি হয়ে দুপুরে ডিমলা থানায় মামলাটি দায়ের করেন বলে বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকমকে জানিয়েছেন ওই ফাঁড়ির দায়িত্বরত কর্মকর্তা সুবেদার আব্দুস সাত্তার। তবে এ ঘটনায় জড়িত থাকার কথা অস্বীকার করেছেন ইউপি চেয়ারম্যান আব্দুল লতিফ খান।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 26 Sep 2007, 12:43 PM

Updated : 26 Aug 2022, 08:41 PM

নীলফামারী, সেপ্টেম্বর ২৬ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)- ডিমলা উপজেলার পশ্চিম ছাতনাই ইউনিয়নের মাস্টারপাড়া এলাকার একটি বাড়ি থেকে ত্রাণের আটা উদ্ধারের ঘটনায় ইউপি চেয়ারম্যান, সদস্যসহ পাঁচ জনকে আসামি করে বুধবার মামলা হয়েছে। থানারহাট সীমান্ত ফাঁড়ির হাবিলদার আব্দুল আজিজ বাদি হয়ে দুপুরে ডিমলা থানায় মামলাটি দায়ের করেন বলে বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকমকে জানিয়েছেন ওই ফাঁড়ির দায়িত্বরত কর্মকর্তা সুবেদার আব্দুস সাত্তার। তবে এ ঘটনায় জড়িত থাকার কথা অস্বীকার করেছেন ইউপি চেয়ারম্যান আব্দুল লতিফ খান। আব্দুস সাত্তার জানান, মঙ্গলবার সকাল ১১টার দিকে মাস্টারপাড়া এলাকার মৃত আক্কাছ আলীর বাড়ি থেকে ভিজিডির ৫০০ কেজি পুষ্টি আটা উদ্ধার করা হয়। আটা পাচারের সঙ্গে ওই ইউনিয়নের চেয়ারম্যান আব্দুল লতিফ, এক ইউপি সদস্যসহ আরও তিন জন জড়িত ছিল। আক্কাছ আলীর স্ত্রী সালেহা বেগম (৪৫) সাংবাদিকদের জানান, গত রোববার ইউপি অফিস থেকে ভিজিডির আটা বিতরণ করা হয়। কয়েকজন কার্ডধারী আটা তুলে বিক্রির জন্য তার বাড়িতে রেখে যায়। এর সঙ্গে চেয়ারম্যানের কোনও সংশ্লিষ্টতা নেই বলে দাবি করেন তিনি। বিষয়টি নিয়ে যোগাযোগ করা হলে ইউপি চেয়ারম্যান আব্দুল লতিফ বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকমকে বলেন, "আটা বিতরণের সময় আমি সেখানে ছিলাম না। আর কোনও কার্ডধারী যদি আটা বিক্রি করে দেয় সেখানে চেয়ারম্যান বা মেম্বারের কী করার আছে।" তাকে উদ্দেশ্যমূলকভাবে মামলায় ফাঁসানো হয়েছে বলে অভিযোগ করেন আব্দুল লতিফ। বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/১৮৩৭ ঘ.