ঢাকা, সেপ্টেম্বর ২৬ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)--আগামী শনিবার (২৯ সেপ্টেম্বর) সব ব্যাংক খোলা থাকবে। রাজস্ব আদায় বাড়াতে জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) অনুরোধে কেন্দ্রীয় ব্যাংক সাপ্তাহিক ছুটির ওই দিনে সব ধরনের ব্যাংক খোলা রাখার নির্দেশ দিয়েছে।
বুধবার বাংলাদেশ ব্যাংক এক সার্কুলার জারি করে সব ব্যাংকের প্রধান নির্বাহীদের এই নির্দেশ দিয়েছে।
সার্কুলারে বলা হয়, বাংলাদেশ সরকারের জাতীয় রাজস্ব আদায়ের স্বার্থে আগামী শনিবার তফসিলি ব্যাংকসমূহের সকল শাখায় পবিত্র রমজান মাসের নির্ধারিত সময়সূচি অনুযায়ী ব্যাংকিং কার্যক্রম পরিচালনার জন্য পর্যাপ্ত নিরাপত্তা নিশ্চিত করে খোলা রাখতে হবে।
আগামী ৩০ সেপ্টেম্বর (রোববার) সরকার ঘোষিত অপ্রদর্শিত বা অঘোষিত আয় বৈধ করার সুযোগের শেষ দিন। এর আগের দিন শনিবার যাতে সবাই এই সুযোগ নিতে পারে, এজন্য এনবিআরের অনুরোধে এই উদ্যোগ নেওয়া হয়।
বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/এআরএইচ/বিআর/আরএ/এমএ/১৭১৪ঘ.
bdnews24