২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ঢাকায় পাতাল রেল ও দ্বিতল সড়ক নির্মাণের পরিকল্পনা করছে সরকার

ঢাকা মহানগরীর পরিবহন ব্যবস্থার উন্নয়নে আগামী ডিসেম্বরের মধ্যে 'কৌশলগত পরিবহন পরিকল্পনা (এসটিপি)' অনুমোদন করবে সরকার। এ পরিকল্পনার আওতায় পাতাল রেল স্থাপন ও এলিভেটেড এক্সপ্রেস ওয়ে (দ্বিতল সড়ক) প্রতিষ্ঠার উদ্যোগ নেওয়া হতে পারে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 26 Sep 2007, 11:14 AM

Updated : 26 Aug 2022, 08:41 PM

ঢাকা, সেপ্টেম্বর ২৬ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)- ঢাকা মহানগরীর পরিবহন ব্যবস্থার উন্নয়নে আগামী ডিসেম্বরের মধ্যে 'কৌশলগত পরিবহন পরিকল্পনা (এসটিপি)' অনুমোদন করবে সরকার। এ পরিকল্পনার আওতায় পাতাল রেল স্থাপন ও এলিভেটেড এক্সপ্রেস ওয়ে (দ্বিতল সড়ক) প্রতিষ্ঠার উদ্যোগ নেওয়া হতে পারে। এ ব্যাপারে সিদ্ধান্ত চূড়ান্ত নেওয়ার আগে প্রকল্প দুটির সম্ভাব্যতা যাচাইয়ের জন্য একটি কমিটি করা হবে। কমিটির সুপারিশ পাওয়ার পর পাতাল রেল ও দ্বিতল সড়কের বিষয়ে সিদ্ধান্ত নেবে যোগাযোগ মন্ত্রণালয়। যোগাযোগ উপদেষ্টা এম এ মতিন বুধবার তার কার্যালয়ে সাংবাদিকদের এ কথা জানান। যোগাযোগ সচিব ড. মাহবুবুর রহমানও এ সময় উপস্থিত ছিলেন। উপদেষ্টা মতিন বলেন, "যানজট নিরসনে বর্তমান সরকার দায়িত্ব হস্তান্তরের আগেই কাজ শুরু করতে চায়। আগামী ডিসেম্বর মাসের মধ্যেই নগরীর পরিবহন ব্যবস্থার উন্নয়নে 'কৌশলগত পরিবহন পরিকল্পনা (এসটিপি)' অনুমোদন হবে। এটি অনুমোদন হলে পাতাল রেলের বিষয়টিও নীতিগতভাবে অনুমোদন হবে।" তিনি বলেন, "পাতাল রেলের চেয়ে দ্বিতল সড়ক স্থাপনের কাজই আগে শুরু করা উচিত। কারণ দ্বিতল সড়কের সুবিধা দূরপাল্লার যানবাহনসহ সর্বস্তরে পাওয়া যাবে। আর পাতাল রেলের সুবিধা শুধু নগরবাসীরাই ভোগ করবে। তবে পাতাল রেল ও দ্বিতল সড়ক নির্মাণ একযোগে শুরু করা যায় কিনা তা খতিয়ে দেখা হবে।" জোট সরকার আমলে ২০০৩ সালে প্রথমবারের যানজট নিরসনের নগরীতে পাতাল রেল স্থাপনের পরিকল্পনা নেওয়া হয় জানিয়ে এম এ মতিন বলেন, "এ ব্যাপারে দরপত্র আহ্বান করা হলেও যোগ্য বিবেচিত প্রতিষ্ঠানকে শেষ পর্যন্ত কার্যাদেশ দেওয়া হয়নি। পরে সরকার পরিবর্তনের পর পাতাল রেল নির্মাণের কাজটি স্থগিত হয়ে যায়।" তিনি বলেন, বর্তমান সরকার দায়িত্ব নেওয়ার পর আবারো এ প্রকল্প শুরু করার উদ্যোগ নিয়েছে। সম্পূর্ণ বেসরকারি মালিকানায় 'বিওওটি' পদ্ধতিতে এর নির্মাণ কাজ শেষ করা হবে। নির্মাতা প্রতিষ্ঠান চার বছরের মধ্যে নির্মাণকাজ শুরু করবে এবং ৩০ বছরের মধ্যে নির্মাণ ব্যয় তুলে নেবে।" জোট সরকারের সময় দরপত্রে অংশ নিয়ে যোগ্য বিবেচিত প্রতিষ্ঠান বাংলাদেশের কনটেক লিমিটেড-এর ব্যবস্থাপনা পরিচালক মাসুদ রেজা এর আগে যোগাযোগ উপদেষ্টার সামনে তার উপস্থাপনায় বলেন, ঢাকা মহানগর জুড়ে মোট ছয়টি রুটে ৫২ কিলোমিটার পাতাল রেল লাইন স্থাপন করা হবে। প্রতি কিলোমিটার রেল লাইন স্থাপনে ব্যয় হবে প্রায় ১২০ কোটি টাকা। দেশীয় বিনিয়োগের পাশাপাশি জাপানের জেবিআইসি পকল্পটিতে আর্থিক সহায়তা দেবে বলে উপস্থাপনায় জাননো হয়। এছাড়া 'মেট্রো রেল কর্তৃপক্ষ' নামে একটি কোম্পানি প্রতিষ্ঠা করা হবে। কোম্পানি শেয়ার বাজার থেকে অর্থ তুলে নির্মাণ কাজে ব্যয় করবে। এজন্য যোগাযোগ মন্ত্রণালয়ের অধীনে ওই নামে একটি আলাদা কর্তৃপক্ষ গঠনেরও প্রস্তাব করা হয়। বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/এমকে/এসএনডি/১৭০৯ ঘ.