চট্টগ্রাম, সেপ্টেম্বর ২৬ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)- দুর্নীতির মামলায় গ্রেপ্তার চট্টগ্রাম ওয়াসার প্রধান প্রকৌশলী শফিকুল ইসলামসহ তিন প্রকৌশলীকে কারাগারে পাঠিয়েছে আদালত।
বুধবার সকালে গ্রেপ্তারের পর তিন প্রকৌশলীকে দুপুরে চট্টগ্রাম মহানগর হাকিম আদালতে হাজির করা হয়। তখন বিচারক অমিতাভ সরকার তাদের কারাগারে পাঠানোর নির্দেশ দেন বলে জানান আদালত পরিদর্শক এস এ ফরিদ। এরপর তিন প্রকৌশলীকে কারাগারে নিয়ে যাওয়া হয়।
সকাল পৌনে ১১টার দিকে নগরীর ওয়াসা ভবন থেকে প্রধান প্রকৌশলীসহ চট্টগ্রাম ওয়াসার তত্ত্বাবধায়ক প্রকৌশলী মোহাম্মদ শফিউল্লাহ ও সহকারী প্রকৌশলী এ কে এম আবদুল কুদ্দুসকে গ্রেপ্তার করা হয় বলে জানান র্যাব-৭ এর উপ-অধিনায়ক মেজর আনিসুজ্জামান। ওই সময় দুর্নীতি দমন কমিশনের কর্মকর্তারাও র্যাবের সঙ্গে ছিল।
২০০৪ সালে তৎকালীন দুর্নীতি দমন ব্যুরোর দায়ের করা একটি মামলায় তাদের গ্রেপ্তার করা হয়েছে বলে মেজর আনিসুজ্জামান জানান।
নগরীর কোতোয়ালি থানায় দায়ের করা ওই মামলায় ২০০০ সালে পাচঁলাইশ বালিকা বিদ্যালয় থেকে তক্তার পুল পর্যন্ত পিভিসি পাইপ লাইন বসানোর কাজে দুর্নীতির মাধ্যমে ১৭ লাখ টাকা আত্মসাতের অভিযোগ আনা হয়।
মামলার মোট পাঁচ আসামির মধ্যে বাকি দুজন হলেন, চট্টগ্রাম ওয়াসার উপবিভাগীয় প্রকৌশলী আবু তাহের ও ঠিকাদার ফারুক আহমেদ।
মামলার তদন্তকারী কর্মকর্তা ও দুর্নীতি দমন কমিশনের চট্টগ্রাম কার্যালয়ের সহকারী পরিচালক জাহাঙ্গীর আলম বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকমকে বলেন, "পাঁচলাইশ বালিকা বিদ্যালয় থেকে তক্তার পুল পর্যন্ত ৩ হাজার ১২১ দশমিক ৪৫ মিটার পিভিসি পাইপ লাইন বসানোর স্থলে আসামিরা ২ হাজার ১৪৫ দশমিক ৪২ মিটার পাইপ বসান। এর মাধ্যমে তারা ১৬ লাখ ৮৯ হাজার ৯৬৪ টাকা আত্মসাত করেছেন।"
ওই ঘটনায় ২০০৪ সালের ১৭ জুন চট্টগ্রাম জেলা দুর্নীতি দমন ব্যুরোর সাবেক পরিদর্শক মবিনুল ইসলাম বাদি হয়ে মামলাটি করেন বলে জাহাঙ্গীর আলম জানান।
তিনি বলেন, "অর্থ আত্মসাতের এ ঘটনায় ওয়াসার তৎকালীন ব্যবস্থাপক সিরাজুল আজিম খানকে প্রধান করে তিন সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করা হয়। ২০০২ এর ১০ অক্টোবর তদন্ত কমিটির দেওয়া প্রতিবেদনে অভিযোগ প্রমাণিত হয়।"
বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/এমসি/আরএ/এমআই/১৫৪৯ ঘ.
bdnews24