চট্টগ্রাম, সেপ্টেম্বর ২৫ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)- নগরীর নাসিরাবাদ শিল্প এলাকায় মঙ্গলবার বিকেলে একটি কয়েল কারখানার বয়লার বিস্ফোরণে বিষাক্ত গ্যাসের বিষক্রিয়ায় ১১ শ্রমিক অসুস্থ হয়েছেন।
অসুস্থদের চট্টগ্রাম মেডিক্যাল কলেজ (চমেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে। এরা হলেন- শিমু আখতার (১৯), মালা (২২), নাজমা (২৮), সানিয়া (২০), জহুরা (২৪), লাইজু (১৮), রাণী (১৬), জিন্নাত (২০), ফেরদৌস (২১), রাধা (১৯) ও জামশেদ (২৩)।
চমেক হাসপাতাল পুলিশ ফাঁড়ির দায়িত্বরত কর্মকর্তা মো. জয়নাল বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকমকে জানান, মঙ্গলবার বিকেল চারটায় বায়েজিদ থানা এলাকার রেকিট এন্ড বেনকাইজার নামের মশার কয়েল কারখানায় বয়লার বিস্ফোরণ ঘটে। বয়লার থেকে বিষাক্ত গ্যাস নিঃসরণের ফলে কর্মরত শ্রমিকরা অসুস্থ হয়ে পড়েন। অসুস্থ ১১ শ্রমিককে বিকাল সাড়ে চারটা নাগাদ চমেক হাসপাতালের ১৩ নম্বর ওয়ার্ডে ভর্তি করা হয়।
বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/এমসি/এফআই/এমএআর/এমএসবি/২২৪৭ ঘ.
bdnews24