চট্টগ্রাম, সেপ্টেম্বর ২৫ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)- দুর্নীতির অভিযোগে চট্টগ্রাম কাস্টমস হাউজের একজন কর্মচারিকে গ্রেপ্তার করা হয়েছে। মঙ্গলবার দায়িত্বরত অবস্থায় পকেটে দেড় হাজার টাকা পাওয়ার পর রিপন মুনশী নামে ওই কর্মচারিকে কাস্টমসের আইন শাখার কর্মকর্তারা তাকে আটক করে থানায় সোপর্দ করেন।
রিপন মুনশী কাস্টমস হাউজের আমদানি শাখার দৈনিক চুক্তিভিত্তিক একজন অনিয়মিত কর্মচারি।
বন্দর থানার কর্তব্যরত উপ-পরিদর্শক আবদুর রাজ্জাক বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকমকে জানান, অফিস চলার সময়ে রিপন মুনশীর পকেটে নগদ দেড় হাজার টাকা পাওয়ার পর কাস্টমসের আইন শাখার কর্মকর্তাগণ তাকে আটক করে থানায় সোপর্দ করেছেন।
আবদুল রাজ্জাক বলেন, "এ ব্যাপারে ৫৪ ধারায় অভিযোগ গঠন করা হয়েছে। অভিযোগ প্রমাণিত হলে রিপন মুনশীর বিরুদ্ধে নিয়মিত মামলা করা হবে।
জরুরি অবস্থা জারির পর থেকে চট্টগ্রাম বন্দর ও চট্টগ্রাম কাস্টম হাউজে কর্মচারিদের নগদ পাঁচশ টাকার বেশি পকেটে রাখার ওপর নিষেধাজ্ঞা রয়েছে।
বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/এফআই/এমএআর/এমএসবি/২২৩৯ ঘ.
bdnews24