চাঁদপুর, সেপ্টেম্বর ২৫ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)- দুর্ঘটনা প্রতিরোধে চাঁদপুরে বাস চালক ও শ্রমিকদের সবুজ পোশাক পরা বাধ্যতামূলক করা হচ্ছে।
এর অংশ হিসেবে মঙ্গলবার জেলার ১৫ জন বাস চালক ও শ্রমিককে সবুজ রঙের অ্যাপ্রোন সরবরাহ করে জেলা সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়ন। পর্যায়ক্রমে আরও ছয়শ বাস চালক, সুপারভাইজার ও শ্রমিককে বাধ্যতামূলক সবুজ অ্যাপ্রোন পরতে হবে।
এ উপলক্ষে মঙ্গলবার সকালে শহরের বাসস্ট্যান্ডে জেলা সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়নের কার্যালয়ে আয়োজিত এক মতবিনিময় সভায় বক্তারা বলেন, বেপরোয়াভাবে গাড়ি চালিয়ে দুর্ঘটনার পর নির্দিষ্ট পোশাক না থাকার সুযোগ নিয়ে চালক ও শ্রমিকরা অনেক সময়ই পালিয়ে যেতে সক্ষম হয়।
সভায় জেলা সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়নের সভাপতি ফারুক দেওয়ান জানান, মঙ্গলবার আমরা ১৫ জনকে অ্যাপ্রোন দিয়েছি। পর্যায়ক্রমে আমরা এখানকার সব চালক, সুপারভাইজার ও হেলপারদের অ্যাপ্রোন পরা বাধ্যতামূলক করতে চাই।
তিনি জানান, অনেক সময় দুর্ঘটনার পর বাস চালক বা শ্রমিকদের মৃতদেহ চিহ্নিত করা যায় না। অ্যাপ্রোনের কারণে এখন থেকে সে সমস্যা দূর হবে।
সভায় প্রধান অতিথি ছিলেন পুলিশ সুপার মো. ওবায়েদুর রহমান খান। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন সংগঠনের সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন মুন্সী, জেলা বাস-মিনিবাস মালিক সমিতির সভাপতি শোয়েবুর রহমান, মালিক নেতা সাহির হোসেন পাটওয়ারী, সলেমান গাজী প্রমুখ।
বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএআর/এসএনডি/২২৩৮ ঘ.
bdnews24