গোপালগঞ্জ, সেপ্টেম্বর ২৫ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)- কোটালীপাড়া উপজেলার শেখ লুৎফর রহমান ডিগ্রি কলেজে ছাত্রলীগ ও ছাত্রশিবিরের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়া ও মারামারিতে মঙ্গলবার দুজন আহত হয়েছে।
কোটালীপাড়ার পৌর চেয়ারম্যান ওয়াহিদুল হক জানান, সকাল ১১টার দিকে কলেজ ক্যাম্পাসে ছাত্রশিবির প্রচার চালাতে গেলে ছাত্রলীগ কর্মীরা তাতে বাধা দেয়। এ নিয়ে দুই পক্ষের মারামারি ও ধাওয়া-পাল্টা ধাওয়ায় দুই শিবির কর্মী আহত হয়। এরা হল, প্রথম বর্ষের ছাত্র বাবু (১৮) ও দ্বিতীয় বর্ষের ছাত্র শওকাত আজাদ (২০)।
দুজনকেই স্থানীয় স্বাস্থ্য কেন্দ্রে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয় বলে পৌর চেয়ারম্যান জানান।
বিষয়টি নিয়ে যোগাযোগ করা হলে ছাত্রশিবিরের কলেজ শাখার সভাপতি মাহবুব হোসেন বলেন, "আমাদের সংগঠনের ইফতার মাহফিল নিয়ে একটি বৈঠক চলার সময় ছাত্রলীগ কর্মীরা হামলা চালায়। এতে আমদের দুই কর্মী আহত হয়।"
তবে ছাত্রলীগের কলেজ শাখার সাধারণ সম্পাদক হাবিব হাওলাদার দাবি করেন, ছাত্রশিবির শ্রেণিকক্ষের ব্ল্যাকবোর্ডে তাদের সংগঠনে যোগ দেওয়ার আহ্বান সম্বলিত বক্তব্য লেখে। ছাত্রলীগসহ সাধারণ শিক্ষার্থীরা এর প্রতিবাদ জানালে শিবির কর্মীরা হামলা চালায়।
তবে দুপুরের পর ক্যাম্পাস পরিস্থিতি স্বাভাবিক হয়ে যায় বলে পৌর চেয়ারম্যান জানান।
বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমআই/১৯৫৮ ঘ.
bdnews24