ঢাকা, সেপ্টেম্বর ২৫ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)- এবারের ঈদে লঞ্চ ও বাস ভাড়া না বাড়ানোর প্রতিশ্র"তি দিয়েছেন এগুলোর মালিক সমিতির নেতারা। লঞ্চ মালিক সমিতি আরও একধাপ এগিয়ে বলেছে, তারা এবার সরকার নির্ধারিত ভাড়ার চেয়ে ১০ শতাংশ কমে যাত্রী পরিবহন করবে।
মঙ্গলবার প্রেসক্লাবে সিটিজেন রাইটস মুভমেন্ট আয়োজিত গোলটেবিল বৈঠকে সমিতির নেতারা এ কথা বলেন।
সংগঠনের সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, সভায় বাংলাদেশ লঞ্চ মালিক সমিতির সভাপতি বদিউল জামান বাদল বলেছেন, "আসন্ন ঈদ উপলক্ষে লঞ্চ মালিকরা সরকার নির্ধারিত ভাড়ার চেয়ে ১০ ভাগ কম নেবেন।"
বৈঠকে বাংলাদেশ বাস-ট্রাক মালিক সমিতির সভাপতি জিএম সিরাজ ঈদে বাসভাড়া না বাড়ানোর প্রতিশ্র"তি দেন।
সিটিজেন রাইটস মুভমেন্টের সহ-সভাপতি জসিমউদ্দীনের সভাপতিত্বে বৈঠকে আরও বক্তব্য রাখেন বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ) এর চেয়ারম্যান এ বি এম শাহজাহান, বিআরটিএ'র পরিচালক হুমায়ুন রশীদ খলিফা, বাংলাদেশ সড়ক পরিবহন সংস্থার (বিআরটিসি) চেয়ারম্যান হেদায়েতুল্লাহ আল মামুন, পরিচালক কর্নেল মোহাম্মদ আলী, বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ পরিবহন কর্তৃপক্ষের (বিআইডব্লিউটিএ) পরিচালক মনোয়ার হোসেন, সাবেক সেনাপ্রধান লে. জেনারেল (অব.) মাহবুবুর রহমান প্রমুখ।
বৈঠকে লিখিত বক্তব্যে সংগঠনের মহাসচিব তুসার রেহমান ঈদে যাত্রী হয়রানি বন্ধে ১১ দফা সুপারিশ করেন। এর মধ্যে রয়েছে বাস ও লঞ্চভাড়া না বাড়ানো, ট্যাক্সি ও স্কুটারের কম দূরত্বে ন্যূনতম ভাড়ায় যাওয়ার নিশ্চয়তা, হাইড্রোলিক হর্ন নিষিদ্ধকরণ ইত্যাদি।
বিআরটিসির চেয়ারম্যান হেদায়েতুল্লাহ আল মামুন বলেন, "ঈদকে সামনে রেখে বিআরটিসির সব বাসকে ঈদ সেবা সার্ভিস নামে ঘোষণা করা হয়েছে। বিআরটিসির কোনো কর্মচারী বা ইজারাদার প্রতিষ্ঠান যদি অতিরিক্ত ভাড়া আদায় করে তাহলে তাদের ইজারা বাতিল করা হবে।"
বিআইডব্লিউটিএ'র পরিচালক মনোয়ার হোসেন বলেন, "লঞ্চ মালিকরা যাতে বাড়তি ভাড়া নিতে না পারেন সেজন্য সদরঘাটসহ প্রতিটি লঞ্চঘাটে আমাদের মনিটরিং ব্যবস্থা থাকবে।"
বৈঠকে বক্তারা অভিযোগ করেন, সিএনজির দাম না বাড়লেও ঢাকার সিএনজি বাসগুলোতে ডিজেল বাসের চেয়ে চার থেকে ১০ গুণ বেশি ভাড়া আদায় করা হচ্ছে।
বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/জিএমএ/এসএনডি/এসএনডি/১৮৫৮ ঘ.
bdnews24