ঢাকা, সেপ্টেম্বর ২৫ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)- ডিএনডি (ঢাকা-নারায়ণগঞ্জ-ডেমরা) বাঁধ এলাকার ১৫ লাখ মানুষের দুর্ভোগ নিরসনের দায়িত্ব পাচ্ছে ঢাকা সিটি করপোরেশন (ডিসিসি), রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ ও নারায়ণগঞ্জ পৌরসভা।
বাঁধ এলাকার জলাবদ্ধতা নিরসনসহ বিভিন্ন নাগরিক সুবিধা নিশ্চিত করবে ডিসিসি ও নারায়ণগঞ্জ পৌরসভা, আর পরিকল্পিত নগরায়নের দায়িত্ব থাকবে রাজউকের অধীনে।
মঙ্গলবার পানিসম্পদ মন্ত্রণালয়ে অনুষ্ঠিত আন্তঃমন্ত্রণালয় সভায় এ প্রস্তাব গ্রহণ করা হয়। প্রয়োজনীয় আনুষ্ঠানিকতা শেষ করে শিগগিরই পানিসম্পদ মন্ত্রণালয় থেকে এ বিষয়ে একটি সুপারিশ সরকারের কাছে পাঠানো হবে।
পানিসম্পদ সচিব সৈয়দ মোহাম্মদ জোবায়ের সাংবাদিকদের জানান, "প্রতি বছরই ডিএনডি বাঁধ এলাকার জলাবদ্ধতা নিরসনে স্বল্পমেয়াদি পরিকল্পনা বাস্তবায়ন করা হয়। কিন্তু এতে সমস্যার স্থায়ী সমাধান হয় না। একইসঙ্গে প্রকল্পটি তার প্রকৃতি ও আচরণ হারিয়ে ফেলায় সরকার এর উন্নয়ন করে নগরায়নের উদ্যোগ নিয়েছে। পানিসম্পদ মন্ত্রণালয় এ বিষয়ে নীতিগত অনুমোদন দিয়েছে। প্রস্তাবটি সরকারের অনুমোদন পেলে শিগগিরই এর বাস্তবায়ন কাজ শুরু হবে।"
তিনি বলেন, বর্তমানে ডিএনডি এলাকায় অপরিকল্পিতভাবে নগরায়ন করে সেখানে প্রায় ১৫ লাখ মানুষ বসবাস করছে। এ অবস্থা থেকে উত্তরণে প্রকল্প এলাকাটিকে ডিসিসি ও নারায়ণগঞ্জ পৌরসভার অধীনে নিয়ে এর বর্জ্য ব্যবস্থাপনাসহ উন্নয়নের বিভিন্ন প্রকল্প হাতে নেওয়া হবে। সেখানে পরিকল্পিত নগরায়ণের জন্য উন্নয়ন কাজের দায়িত্ব দেওয়া হবে রাজউককে।
এক প্রশ্নের জবাবে সচিব বলেন, পরিকল্পিত নগরায়নের জন্য সেখানে অনেক ভবন ভেঙে ফেলার প্রয়োজন হতে পারে। তবে সমস্যার দীর্ঘস্থায়ী সমাধানে সরকারকে এ প্রকল্প বাস্তবায়ন করতে হবে।
পানিসম্পদ সচিবের সভাপতিত্বে সভায় মন্ত্রণালয়, পানি উন্নয়ন বোর্ড, ঢাকা সিটি করপোরেশন, নারায়ণগঞ্জ পৌরসভাসহ সংশ্লিষ্ট মন্ত্রণালয় ও সংস্থার প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/এমকে/এমআরএফ/এসএনডি/এমএ/১৭২৭ ঘ.
bdnews24