ঢাকা, সেপ্টেম্বর ২৫ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)- প্রগতিশীল গণতান্ত্রিক দলের (পিডিপি) সমন্বয়ক ফেরদৌস আহমদ কোরেশী নির্বাচনে রাজনৈতিক দলগুলোর স্থায়ী প্রতীক বাতিলের দাবি জানিয়েছেন।
মঙ্গলবার সেগুনবাগিচায় দলের কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি বলেন, "দলগুলোর স্থায়ী প্রতীক বাদ দিয়ে ইউনিয়ন পরিষদ বা পৌরসভা নির্বাচনের মতো লটারির মাধ্যমে প্রতীক বরাদ্দ দেওয়া উচিত।"
ঢাকা বিশ্ববিদ্যালয় ও গার্মেন্টস শ্রমিকদের বিক্ষোভের সমালোচনা করে তিনি বলেন, "নায্য দাবি নিয়ে শ্রমিক অসন্তোষ হতে পারে। ছাত্রসমাজ বা সমাজের অন্য অংশও দাবি-দাওয়া নিয়ে আন্দোলনে যেতে পারে। তাই বলে নিজেদের বিরোধ রাস্তায় নিয়ে এসে সাধারণ মানুষের গাড়ি বা দোকানপাট ভাঙচুরের অধিকার কাউকে দেওয়া যায় না। রাস্তায় যানবাহন ও যাত্রীদের ওপর হামলার মতো বর্বরতার অবসান হওয়া প্রয়োজন।"
তিনি ভাঙচুরকারীদের দৃষ্টান্তমূলক শাস্তি এবং ক্ষতিগ্রস্ত মালিকদের ক্ষতিপূরণ দেওয়ার দাবি জানান।
ফেরদৌস আহমদ কোরেশী বলেন, "টাস্কফোর্স সরিয়ে নেওয়ার পর চট্টগ্রাম বন্দরের কাজের গতি আবারও কমতে শুরু করেছে। জাতীয় অর্থনীতির স্বার্থেই বন্দরে টাস্কফোর্সকে সক্রিয় রাখা উচিত।"
আইএমএফ ও বিশ্বব্যাংকের সমালোচনা করে তিনি বলেন, তাদের পরামর্শে বিভিন্ন পণ্যের আমদানি শুল্ক কমিয়ে বাংলাদেশের বাজার অন্য দেশের পণ্যে সয়লাব করে ফেলা হচ্ছে। ফলে দেশি কারখানাগুলো টিকতে না পেরে বন্ধ হয়ে যাচ্ছে।
সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন নূর মোহাম্মদ খান, তাজুল ইসলাম চৌধুরী, মাওলানা সাখাওয়াত হোসেন, গোলাম সারোয়ার মিলন, রিয়াজুল ইসলাম বীরবিক্রম, দেওয়ান নূরুন্নবী, অ্যাডভোকেট ফজলুর রহমান প্রমুখ।
বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/জিএমএ/এসএনডি/১৫৪৮ ঘ.
bdnews24