কুমিল্লা, সেপ্টেম্বর ২৫ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)- দাউদকান্দি উপজেলার সন্দলপুর ইউনিয়নের মোহাম্মদপুর গ্রামে সোমবার রাতে এক গৃহবধূ ও তার আট মাসের মেয়ে খুন হয়েছে। ঘটনাটি ডাকাতি বলে ওই নারীর স্বামী দাবি করলেও এটাকে রহস্যজনক অখ্যায়িত করে পুলিশ স্বামীকে আটক করেছে।
এলাকাবাসীর উদ্ধৃতি দিয়ে দাউদকান্দি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মুকবুল হোসেন জানান, মোহাম্মদপুর গ্রামের আনোয়ার হোসেন ছয় মাস বিদেশে থাকার পর তিনি দিন আগে দেশে ফেরেন। সোমবার রাতে এক দল ডাকাত ঘরে ঢুকে স্ত্রী তাহমিনা আক্তার (২২) ও তাদের শিশুকন্যাকে গলা টিপে হত্যা করে বলে আনোয়ার হোসেন পুলিশকে জানায়। ডাকাতের হামলায় আনোয়ার নিজেও আহত হয়েছেন বলে তিনি পুলিশকে জানিয়েছেন।
আনোয়ার হোসেনকে দাউদকান্দি উপজেলা স্বাস্থ্য কেন্দ্রে ভর্তি করা হয়েছে। সেখানে তাকে আটক করে পুলিশ।
মুকবুল হোসেন বলেন, "ঘটনাটি রহস্যজনক, ঘরের কোনও মালামাল লুট হয়নি। ফলে এটা ডাকাতি না পরিকল্পিত হত্যা, তা বোঝা যাচ্ছে না। তাই জিজ্ঞাসাবাদের জন্য আনোয়ার হোসেনকে আটক করা হয়েছে।"
বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমআই/১৩২৪ ঘ.
bdnews24