ঢাকা, সেপ্টেম্বর ২৪ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)- কৃষি খাস জমির নিবন্ধন সংক্রান্ত আইন সংশোধন করা হবে এবং অর্পিত সম্পত্তি প্রত্যর্পণ আইন সংশোধনের বিষয়টিও সরকারের বিবেচনাধীন রয়েছে।
সোমবার সরকারি এক তথ্য বিবরণীতে এ তথ্য জানিয়ে বলা হয়, "দেশের বিভিন্ন স্থানে অতীতে মিথ্যা তথ্য দিয়ে যারা কৃষি খাস জমি বন্দোবস্ত নিয়েছে বা কোনো কারণে বন্দোবস্তের শর্ত ভঙ্গ করেছে সেসব বন্দোবস্ত গ্রহীতার জমির নিবন্ধন বাতিল করার লক্ষ্যে এ সম্পর্কিত আইন সংশোধন করা হবে।"
সোমবার ভূমি মন্ত্রণালয়ের সভাকক্ষে ভূমি উপদেষ্টা ব্যারিস্টার মইনুল হোসেনের সভাপতিত্বে জাতীয় কৃষি খাস জমি ব্যবস্থাপনা নির্বাহী কমিটির ২৮তম সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়।
সভায় জানানো হয়, অর্পিত সম্পত্তি প্রত্যর্পণ আইন সংশোধনের বিষয়টিও সরকারের বিবেচনাধীন রয়েছে।
তথ্য বিবরণীতে বলা হয়, "নদী ভাঙনজনিত ভূমি এবং নতুন জেগে উঠা চরের সীমানা ও মালিকানা সংক্রান্ত প্রকৃত রেকর্ড সংরক্ষণের ওপর সভায় গুরুত্বারোপ করা হয়েছে।"
ভূমি মালিকদের ভূমি সংক্রান্ত কাজে হয়রানি লাঘবে সহকারী কমিশনার (ভূমি) কার্যালয়কে দালাল ও ফড়িয়া মুক্ত করার জন্য সংশ্লিষ্টদের নির্দেশ দেওয়া হয়েছে। সহকারী কমিশনারের কার্যালয়ের সামনে নাগরিক সেবা সনদ (সিটিজেন চার্টার) টানিয়ে দেওয়ারও নির্দেশ দেওয়া হয়।
সভায় কৃষি খাস জমি বন্দোবস্ত দেওয়া সম্পর্কিত ফেডারেশন অব এনজিওস (এফএনবি) এর পাঠানো সুপারিশমালা পর্যালোচনা করে প্রতিবেদন দেওয়ার জন্য বিভাগীয় কমিশনারদের নির্দেশ দেওয়া হয়েছে।
এছাড়া দেশে বর্তমানে কী পরিমাণ কৃষি খাস জমি এবং কোন এলাকায় কী পরিমাণ অকৃষি খাস জমি রয়েছে এ সংক্রান্ত সুনির্দিষ্ট ও শ্রেণীভিত্তিক তথ্য উপাত্ত মন্ত্রণালয়ে পাঠানোর জন্য সংশ্লিষ্টদের তাগিদ দেওয়া হয় বলেও তথ্য বিবরণীতে জানানো হয়েছে।
ভূমি মন্ত্রণালয়ে ভারপ্রাপ্ত সচিব মোসলেহ উদ্দিন, ভূমি আপীল বোর্ডের চেয়ারম্যান দেওয়ান জাকির হোসেন, ভূমি সংস্কার বোর্ডের চেয়ারম্যান মনিরুল ইসলাম, ভূমি রেকর্ড ও জরিপ অধিদপ্তরের মহাপরিচালক মাহফুজুর রহমান, সংশ্লিষ্ট মন্ত্রণালয় ও অধিদপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তা এবং মনোনীত সদস্যরা সভায় উপস্থিত ছিলেন।
বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/এমএআর/এমএসবি/জিএনএ/২২৪৫ ঘ.
bdnews24