২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সুনামগঞ্জে জলমহাল নিয়ে সংঘর্ষে আহত ৪০

সুনামগঞ্জ জেলার দক্ষিণ সুনামগঞ্জ উপজেলার পূর্বপাগলা ইউনিয়নের চিকারকান্দি গ্রামে একটি জলমহালের দখল নিয়ে সোমবার দুই পক্ষের সংঘর্ষে কমপক্ষে ৪০ জন আহত হয়েছেন। এর মধ্যে গুরুতর আহত ১২ জনকে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 24 Sep 2007, 01:27 PM

Updated : 26 Aug 2022, 08:40 PM

সিলেট, সেপ্টেম্বর ২৪ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)- সুনামগঞ্জ জেলার দক্ষিণ সুনামগঞ্জ উপজেলার পূর্বপাগলা ইউনিয়নের চিকারকান্দি গ্রামে একটি জলমহালের দখল নিয়ে সোমবার দুই পক্ষের সংঘর্ষে কমপক্ষে ৪০ জন আহত হয়েছেন। এর মধ্যে গুরুতর আহত ১২ জনকে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। এলাকাবাসীর উদ্ধৃতি দিয়ে সদর থানার উপ-পরিদর্শক (এসআই) আবুল কাশেম জানান, চিকারকান্দি গ্রামের পাশের একটি জলমহাল নিয়ে ওই গ্রামের সফিক মিয়া ও আবদুল হাশিমের মধ্যে বিরোধ চলছিল। মাসখানেক আগে জলমহালটি গ্রামের পঞ্চায়তের কাছ থেকে ইজারা নেন আবদুল হাশিম। সোমবার বেলা দুইটার দিকে দলবলসহ সফিক মিয়া জলমহালটি দখল নিতে গেলে আব্দুল হাশিমের পক্ষের লোকজন বাধা দেয়। ওই সময় উভয় পক্ষ দেশিয় অস্ত্রসস্ত্র নিয়ে সংঘর্ষে লিপ্ত হলে ৪০ জন আহত হয়। গুরুতর আহত আলতাবুর রহমান (৫৫), লিলু মিয়া (৪৫), আলাউর রহমান (৪৮), মস্তির আলী (৩৫), আলী হোসেন (৩৬), ছয়ফুল আলী (২৫),আরজ আলী (৩২),মকদ্দুছ আলী (৩০), রশিদ মিয়া (৪০), সোহেল মিয়া (২৫), জাহাঙ্গীর আলম (২০), সোনাই মিয়া (৪৫) কে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। তবে সন্ধ্যা পর্যন্ত থানায় কোনও মামলা হয়নি বলে পুলিশ কর্মকর্তা আবুল কাশেম জানান। বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমআই/১৯২৯ ঘ.